মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জনমত জরিপ অনুযায়ী, জয়ের এত কাছে এসেও রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি কেন হারলেন, তা নিয়ে এখন আসছে নানা মত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক টিমোথি স্ট্যানলি সিএনএনের জন্য লেখা এক বিশ্লেষণী প্রতিবেদনে বলেছেন, পরস্পরবিরোধী আচরণ ও কর্মকাণ্ডের জেরে এই পরিণতি মানতে হয়েছে রমনিকে।অধ্যাপক টিমোথি স্ট্যানলি বলেছেন, মিট রমনি পরস্পরবিরোধিতার প্রতিমূর্তি। রমনিকে বাইরে থেকে দেখে মনে হয় তিনি একজন খাঁটি রিপাবলিকান। তবে অনেক দিক বিবেচনায় তিনি এখনো বাইরের একজনই রয়ে গেছেন। যেসব কারণে রমনি বাইরের, তার একটি হচ্ছে তাঁর ধর্মীয় পরিচয়। মার্কিন ইতিহাসে এই প্রথমবারের মতো রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদ্বয়ের কেউই প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টান সম্প্রদায়ভুক্ত ছিলেন না। প্রেসিডেন্ট পদপ্রার্থী রমনি মরমন সম্প্রদায়ভুক্ত। বিজয়ী হলে তিনিই হতেন যুক্তরাষ্ট্রের প্রথম মরমন প্রেসিডেন্ট। আর ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী পল রায়ান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত।ম্যাসাচুসেটসের মানুষ সাবেক গভর্নর রমনিকে চেনে উভয় দলের সমর্থিত মধ্যপন্থী হিসেবে। অথচ তিনি জাতীয় পর্যায়ে নিজেকে একজন ‘প্রচণ্ড রক্ষণশীল’ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। নিজ অঙ্গরাজ্যে রমনি এমন এক স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু করেছিলেন, যা অনেকের মতে ‘ওবামাকেয়ার’-এর অনুরূপ। প্রেসিডেন্ট ওবামার আলোচিত স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি ‘ওবামাকেয়ার’ নামে পরিচিতি পেয়েছে। অথচ রমনি প্রচারণায় ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় গেলে ওবামার ওই স্বাস্থ্য কর্মসূচি বাতিল করবেন। বিশ্লেষণে টিমোথি স্ট্যানলি বলেছেন, রমনি আসলে মধ্যপন্থী, নাকি রক্ষণশীল মতাদর্শের, তা প্রশ্নসাপেক্ষ। একই প্রশ্ন তোলা যেতে পারে তাঁর রিপাবলিকান পার্টির ব্যাপারেও। তাঁর মতে, নিজেদের মতাদর্শের ব্যাপারে রিপাবলিকান নিজেরাই নিশ্চিত নয়। এ কারণেই দলটি রমনির মতো প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।এখনকার রিপাবলিকানরা এক উভয় সংকটের মধ্যে পড়েছেন। এক দিকে তাঁদের রয়েছে দলীয় আদর্শের ব্যাপারে আবেগপ্রবণ বিশালসংখ্যক ভোটার, যাঁরা অর্থনৈতিক ও সামাজিক রক্ষণশীলতার সমর্থক। নির্বাচনে জয়ী হতে দলকে এই ভোটারদের চাঙা করতে হয়েছে। অন্যদিকে নির্বাচনে জয়ের জন্য ছোট হলেও দলের গুরুত্বপূর্ণ যে গোষ্ঠীটির সমর্থন প্রয়োজন, তারা মধ্যপন্থী ও স্বতন্ত্র। এই গোষ্ঠী চায় তাদের রাজনীতি আরেকটু বাস্তবসম্মত হোক।রিপাবলিকানদের জন্য এবারের নির্বাচনের চ্যালেঞ্জ ছিল দলের কট্টরপন্থী পক্ষ ‘টি পার্টির’ কর্মসূচি গ্রহণ করে তাকে নতুন মোড়কে ভরা। এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে করে তা দলের ডানপন্থীদের পছন্দের প্রতি খেয়াল রাখে আবার মধ্যপন্থীদের মনও জয় করতে পারে। এটাই ছিল রমনির কাজ, যাতে তিনি ব্যর্থ হয়েছেন। ভোটের আগে অনুষ্ঠিত টিভি বিতর্কে রমনি খুবই সফলতা পেয়েছিলেন। তবে নিজের ও দলের মধ্যে যে স্ববিরোধিতা বর্তমান, তা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। সিএনএন।