পরস্পরের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ওবামা ও ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সেই দেশ সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পরস্পরের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। সেই সঙ্গে দুই দেশের ‘বিশেষ সম্পর্কের’ কথাও পুনর্ব্যক্ত করেছেন দুই নেতা।গত বুধবার হোয়াইট হাউসে এক নৈশভোজে ওবামা ও ক্যামেরন তাঁদের দুই দেশ ও নিজেদের মধ্যকার ব্যক্তিগত সম্পর্কের প্রশংসা করেন। এটি ছিল ওবামার আয়োজিত এ পর্যন্ত সবচেয়ে বড় রাষ্ট্রীয় নৈশভোজ।নৈশভোজে ক্যামেরনকে স্বাগত জানিয়ে ওবামা বলেন, যে ধরনের লোককে আপনি সহযোগী হিসেবে পেতে চান, তিনি তেমনই একজন।অন্যদিকে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ওবামার ‘সামর্থ্য, নৈতিক শক্তি ও প্রজ্ঞা’র গুণগান করেন ক্যামেরন। ওবামাকে থিওডোর রুজভেল্টের সঙ্গে তুলনা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তিনি মানেন যে যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় সঠিক কাজটি করতে হবে। তবে নৈতিক নেতৃত্ব দেওয়ার অবস্থানে থাকার জন্য তাঁকে কাজটি করতেও হবে সঠিক পন্থায়।বুধবার ওবামা ও ক্যামেরন দুই ঘণ্টা ধরে সিরিয়া, ইরান, আফগান যুদ্ধসহ নানা বিষয়ে আলোচনা করেন।পরে এক সংবাদ সম্মেলনে ডেভিড ক্যামেরন বলেন, আফগানিস্তানের লড়াই ‘চূড়ান্ত পর্বের’ দিকে যাচ্ছে। দুই নেতাই জোর দিয়ে বলেন, দেশটিতে মার্কিন, ব্রিটিশ ও আফগানদের প্রাণহানির ঘটনা ঘটলেও নানা ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।ব্রিটিশ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে দুই দেশের মধ্যকার অপরাধী প্রত্যর্পণ ব্যবস্থাপনা পর্যালোচনার বিষয়টি উত্থাপন করেন। এএফপি ও বিবিসি।