জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেইল সাকাশভিলি দেশটির পার্লামেন্ট নির্বাচনে তাঁর দলের পরাজয় মেনে নিয়েছেন। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার তিনি পরাজয় স্বীকার করেন। ওই নির্বাচনে গত সোমবার ভোট নেওয়া হয়। দেশটির নির্বাচন কমিশন গতকাল প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে। এতে দেখা যায়, ১৫ দশমিক ৩৫ শতাংশ অঞ্চলে প্রাথমিক ভোট গণনা শেষে জর্জিয়ান ড্রিম ৫২ দশমিক ৭৭ শতাংশ এবং ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্ট ৪২ দশমিক ০৮ শতাংশ ভোট পায়। প্রেসিডেন্ট সাকাশভিলি বলেন, নির্বাচনে বিরোধীদলীয় জোট জর্জিয়ান ড্রিম জয়লাভ করেছে। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত না হলেও জর্জিয়ান ড্রিমের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয়টি স্পষ্ট।জর্জিয়ান ড্রিমের নেতা ধনকুবের শিল্পপতি বিদজিনা ইভানিশভিলি ইতিমধ্যে তাঁর দলের বিজয়ের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। নির্বাচনের এই ফলাফলে দেশটির সোভিয়েত-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতার পরিবর্তন হতে যাচ্ছে। সাকাশভিলি ২০০৩ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত তিনি বহাল থাকবেন। তবে সংস্কারের ব্যাপারে সমঝোতা অনুযায়ী দেশটির পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর হাতে প্রেসিডেন্টের চেয়ে বেশি ক্ষমতা থাকবে। জর্জিয়ার কারাগারে এক বন্দীকে সম্প্রতি নির্যাতনের ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ওই নির্যাতনের ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে দেশটির রাজপথে বিক্ষোভ হয়। আন্দোলনরত জনগণের দাবির মুখে একপর্যায়ে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হয় সাকাশভিলি সরকার। দেশটির সবচেয়ে ধনী ব্যক্তি ইভানিশভিলি এ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রেসিডেন্ট সাকাশভিলির বিরুদ্ধে ‘অগণতান্ত্রিক’ আচরণসহ বিভিন্ন অভিযোগ তোলেন জর্জিয়ান ড্রিমের নেতা ইভানিশভিলি। সাকাশভিলি রুশবিরোধী এবং পশ্চিমাপন্থী বলে পরিচিত। জর্জিয়ান ড্রিমের আন্দোলনে রাশিয়ার মদদ রয়েছে বলে তিনি অভিযোগ করেন। এএফপি ও বিবিসি।