যুক্তরাজ্যের নির্বাচনব্যবস্থার সংস্কার নিয়ে অনুষ্ঠিত গণভোটে বর্তমান ভোটব্যবস্থার পক্ষেই রায় দিয়েছে জনগণ। এতে দেশটির ক্ষমতাসীন জোটের শরিক লিবারেল ডেমোক্র্যাটস দলের পরাজয় হলো। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে দলটির চরম ভরাডুবি হয়েছে।গণভোট ও স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ বলেন, ‘পরাজয়ে আমরা সত্যিই বড় ধরনের ধাক্কা খেয়েছি।’ তিনি বলেন, রেকর্ড পরিমাণ ঘাটতি মেটাতে সরকারি ব্যয় কমানোর দোষ তাঁর দলের ঘাড়েই পড়েছে। এ কারণেই তাঁদের এই বড় পরাজয়।নির্বাচনব্যবস্থার সংস্কার নিয়ে গত বৃহস্পতিবার গণভোট হয়। এতে ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি বর্তমান নির্বাচনব্যবস্থা সংস্কারের বিপক্ষে ছিল। কিন্তু উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগের লিবারেল ডেমোক্র্যাটস ছিল নির্বাচনব্যবস্থা সংস্কারের পক্ষে। গত বছরের মে মাসে সাধারণ নির্বাচনের পর কনজারভেটিভ পার্টিকে সমর্থন দেওয়ার জন্য লিবারেল ডেমোক্র্যাটস দলের অন্যতম শর্তই ছিল নির্বাচনব্যবস্থার সংস্কার। গণভোটে যুক্তরাজ্যে বর্তমানে ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ (যে প্রার্থী বেশি ভোট পাবেন, তিনিই বিজয়ী) ভোটব্যবস্থার পক্ষেই রায় দিল জনগণ। গণভোটের পাশাপাশি স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে ন্যাশনাল অ্যাসেম্বলির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ছাড়া ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়।উপপ্রধানমন্ত্রী ক্লেগ বলেন, ‘গণভোট ও স্থানীয় সরকার নির্বাচনে আমরা বাজে ফল করেছি। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাজে সবকিছু ঝেড়ে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে।’ লিভারপুল ও ম্যানচেস্টারের মতো শহরেও বড় ধরনের পরাজয় হয়েছে লিবারেল ডেমোক্র্যাটস দলের। দলটির উপনেতা সাইমন হিউজে এই পরাজয়ের পর বলেন, কনজারভেটিভ পার্টির সঙ্গে জোট বাঁধার সময় চুক্তিতে যে সুনির্দিষ্ট বিষয়গুলো উল্লেখ ছিল, তাঁর দল এখন শুধু তা বাস্তবায়নেই কাজ করবে। এর বাইরে কোনো কিছুতেই অংশ নেবে না। দলটির সাবেক নেতা পেডি অ্যাসডন বলেন, নির্বাচনে পরাজয় প্রধানমন্ত্রী ক্যামেরনের প্রতি লিবারেল ডেমোক্র্যাটস দলের আস্থা কমে যাবে।যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা এডওয়ার্ড মিলিব্যান্ড বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ফল সরকারের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিয়েছে, তা হলো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের নীতি পরিবর্তন হওয়া প্রয়োজন। এএফপি ও বিবিসি।