পরাজয়ের জন্য বিজ্ঞাপনী সংস্থাকে দায়ী করল কংগ্রেস
লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের জন্য দলের নির্বাচনী প্রচারণার কাজে নিয়োজিত বিজ্ঞাপনী সংস্থাকে দায়ী করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা৷ তাঁরা বলেছেন, বিজেপির প্রচারণার কাছে তাঁদের প্রচারণা দাঁড়াতেই পারেনি৷ খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির৷
এবারের নির্বাচনী প্রচারণার জন্য প্রায় ৬০০ কোটি রুপির বিনিময়ে জাপানি বিজ্ঞাপনী সংস্থা দেন্তসুকে ভাড়া করেছিল কংগ্রেস৷ দলটির অন্যতম প্রধান লক্ষ্য ছিল, বিজ্ঞাপনী প্রচারণার মাধ্যমে রাহুল গান্ধীকে সাধারণ মানুষের কাছে একজন তরুণ ও প্রগতিশীল নেতা হিসেবে তুলে ধরা৷ কিন্তু কংগ্রেসের সেই প্রচারণা বিজেপির বিজ্ঞাপনী ঝলকের কাছে দাঁড়াতেই পারেনি৷
কংগ্রেসের একজন জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, নির্বাচনে ভরাডুবির দায় দেন্তসু এড়াতে পারে না৷ তারা কেবল বিজ্ঞাপন তৈরির জন্যই নয়, প্রচারণার জন্যও চড়া দাম নিয়েছে৷
তবে দেন্তসুর স্থানীয় মুখপাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, অর্থসংক্রান্ত সব বিষয় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই সম্পাদিত হয়েছে৷ প্রচারণার শুরুতেই এ নিয়ে সমঝোতা হয়েছে৷ দেন্তসু ছাড়াও কংগ্রেস আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালিয়েছে৷ খরচের দায়ভার বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, বিজ্ঞাপন গ্রহীতা ও গণমাধ্যম—এই তিনটি পক্ষেরই৷
কংগ্রেসের আরেক জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে দেন্তসু ইন্ডিয়ার নির্বাহী চেয়ারম্যান রোহিত ওহরি ও কংগ্রেস নেতা অজয় মাকেনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে৷ দেন্তসুর সব কর্মীর কাছে ই-মেইল বার্তা পাঠিয়ে তাঁদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করে দেওয়া হয়েছে৷
কমলনাথ বিরোধী নেতা?: লোকসভায় কংগ্রেস কমলনাথকে বিরোধীদলীয় নেতার দায়িত্ব িদতে পারে৷ ইউপিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এবার নিয়ে নয়বার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন৷ এবার ‘মোদি হাওয়ার’ মধ্যেও কংগ্রেসের যে কয়জন সদস্য টিকেছিলেন কমলনাথ তাঁদের একজন৷
লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ধারণা করা হচ্ছিল, দলের সভানেত্রী সোনিয়া গান্ধী বিরোধী দলের নেতার দায়িত্ব নাও নিতে পারেন৷ আবার রাহুল গান্ধীও লোকসভায় বিরোধী দলের নেতার দায়িত্ব নিয়ে অনীহা জানিয়েছেন৷ ১৯৯৯ সালের পর (১১৪ আসন) কংগ্রেস এবারই দলটির ইতিহাসে সবচেয়ে বাজে ফল করেছে৷ এবার দলটি মাত্র ৪৪ আসনে জিতেছে৷