মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ডেমোক্রেটিক পার্টির পরাজয়কে বড় ধরনের আঘাত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই পরাজয়ের দায়ও নিজের কাঁধে নিয়েছেন তিনি। বলেছেন, কোনো দলের পক্ষে এককভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। রিপাবলিকানদের সঙ্গে সমঝোতা করে তিনি কাজ করবেন। হোয়াইট হাউসে গত বুধবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা এসব কথা বলেন।নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতছাড়া হয়ে পড়ায় উদারনৈতিক মহলে হতাশা দেখা দিয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ওবামার বেশ কিছু সংস্কার উদ্যোগ বাধাগ্রস্ত হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। দেশের নাগরিকদের জন্য স্বাস্থ্যবীমা নিশ্চিত করার উদ্যোগের ব্যাপারে অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিবাসন আইনের সংস্কার, বেকার ভাতা প্রাপ্তির মেয়াদ বৃদ্ধিসহ সরকারি ভর্তুকির সব কর্মসূচি এখন মুখ থুবড়ে পড়বে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ।সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা বলেন, তিনি জনগণের রায় অনুধাবন করেছেন। তিনি স্বীকার করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন ঘটেনি বলেই তারা ক্ষুব্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে নতুন বার্তা দিয়েছে। তিনি বলেন, জনগণের সমস্যা নিয়ে তিনি ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনায় বসতে চান। তবে সমঝোতার এই পথ মসৃণ হবে না বলেও উল্লেখ করেন তিনি।প্রেসিডেন্ট ওবামা বলেন, আমাদের অগ্রগতি হয়েছে। তবে অগ্রগতির বিষয়টি জনগণের কাছে এখনো অনুভূত হয়নি। এই পরাজয়ের দায়-দায়িত্ব আমাকেই নিতে হচ্ছে। রিপাবলিকান দলের সম্ভাব্য স্পিকার জন বোয়েনার ইতিমধ্যে ঘোষণা করেছেন, তাঁরা প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্যবীমা কর্মসূচিতে পরিবর্তন আনার উদ্যোগ নেবেন। রাষ্ট্রীয় ভর্তুকি হ্রাস, কর্মসংস্থান সৃষ্টিসহ জনগণের মৌলিক সমস্যা সমাধানে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সহযোগিতামূলক মনোভাব নিয়ে তাঁরা কাজ করবেন।জন বোয়েনার বলেন, ‘প্রতিনিধি পরিষদে আমরা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাব। জনগণ সরকারের আকার ছোট করার পক্ষে রায় দিয়েছে। সরকারি ব্যয় হ্রাস এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিই আমাদের অগ্রাধিকারের তালিকায় থাকবে।’রিপাবলিকানদের এত বড় বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, ২০০৮ সালে দলনিরপেক্ষ ভোটাররা প্রেসিডেন্ট ওবামার পক্ষে রায় দিয়েছিলেন। কিন্তু মধ্যবর্তী নির্বাচনে তাঁদেরই অবস্থান ছিল রিপাবলিকানদের পক্ষে। অধিকাংশ জনগণের মতে, প্রেসিডেন্ট ওবামা ক্ষমতা গ্রহণের পর সরকারের আধিপত্য ও ব্যক্তিজীবনে সরকারের হস্তক্ষেপ বেড়ে গেছে। ওয়াশিংটনে ঠিকমতো কাজ হচ্ছে না এবং প্রেসিডেন্ট ওবামা প্রয়োজনীয় গতি নিয়ে ভালো কাজ করতে ব্যর্থ হচ্ছেন। প্রেসিডেন্ট ওবামার গৃহীত নানা পদক্ষেপ দেশের জন্য আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে—ভোটারদের মনে এমন আশঙ্কাও কাজ করেছে। দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী মনে করে, গত দুই বছরে অর্থনৈতিক দৈন্য আরও বেড়েছে।নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ডেমোক্র্যাট সমর্থকেরা। অনেকেই বলছেন, পরিস্থিতি আরও নাজুক হতে পারত। বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যও ডেমোক্র্যাটদের হাতছাড়া হয়ে গেছে। অনেকেই আবার মনে করছেন, ওয়াশিংটনে এখন রাজনৈতিক ভারসাম্য ফিরে আসবে। সব সংকট ও সমস্যার জন্য রক্ষণশীলরা এখন প্রেসিডেন্ট ওবামা ও তাঁর দলকে দায়ী করে প্রচারণা চালাতে পারবেন না। নতুন কর্মকৌশলের মাধ্যমে প্রেসিডেন্ট ওবামা পরের দুই বছরে আবার ঘুরে দাঁড়াবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।গত মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে ২৩৯টি পায় বিরোধী দল রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি পায় ১৮৬টি। অন্য আসনগুলোর ফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। কংগ্রেসের উচ্চকক্ষ ১০০ আসনের সিনেটে ডেমোক্রেটিক পার্টি ৫২টি, রিপাবলিকান পার্টি পেয়েছে ৪৭টি আসন।