পরাজয়ের দায় স্বীকার সোনিয়া ও রাহুলের
ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায়ভার নিজেদের কাঁধে নিয়েছেন দলের সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে সহসভাপতি রাহুল গান্ধী৷ একই সঙ্গে তাঁরা বিজয়ী ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) অভিনন্দন জানিয়েছেন৷
গতকাল শুক্রবার দিনের প্রথম ভাগে বিজেপির নিরঙ্কুশ জয়ের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে৷ তখন রাজধানী নয়াদিল্লিতে দলীয় কার্যালয়ে মা সোনিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন রাহুল৷ সেখানে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের দায় স্বীকার ও বিজেপিকে অভিনন্দন জানান মা-ছেলে৷
রাহুলই সংবাদ সম্মেলনে প্রথম কথা বলেন৷ মুচকি হেসে নতুন সরকারকে অভিনন্দন জানান তিনি৷ মায়ের পাশে দাঁড়িয়ে রাহুল বলেন, ‘জনগণ তাদের (বিজেপি) পক্ষে রায় দিয়েছেন৷ তাদের প্রতি আমার শুভকামনা রইল৷’
এবারের নির্বাচনে ঐতিহ্যবাহী দলটির পরাজয়ের ফলে দলটি প্রধান বিরোধী দলের মর্যাদাটুকুও পাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ টাইমস অব ইন্ডিয়া৷