পরিকল্পনা বাস্তবায়নে ফ্রাঁসোয়া ওলাঁদের চাই সংখ্যাগরিষ্ঠতা
ফ্রান্সে পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। দেশটির সমাজতন্ত্রী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের পরিকল্পিত বিভিন্ন সংস্কার উদ্যোগ বাস্তবায়নে এই নির্বাচনে তাঁর দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা প্রয়োজন। ফ্রান্সে গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী নিকোলা সারকোজিকে হারান ফ্রাঁসোয়া ওলাঁদ। ঋণসংকট, বেকারত্ব ও স্থবির অর্থনীতি থেকে উত্তরণে সমাজতন্ত্রী দলকে ভোট দেওয়ার জন্য তিনি ফরাসিদের প্রতি আহ্বান জানান। পার্লামেন্ট নির্বাচনের আগে সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, সমাজতন্ত্রী দলের বিপুল জয়ের সম্ভাবনা নেই। তবে গ্রিন পার্টি ও কট্টর বামপন্থীদের নিয়ে গঠিত জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। কট্টর ডানপন্থী ও কট্টর বামপন্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ওপর বিশ্লেষকদের দৃষ্টি থাকবে। দেশটিতে অভিবাসী-বিরোধী ন্যাশনাল ফ্রন্টের জন্য এই নির্বাচন বড় ধরনের পরীক্ষা বলে বিবেচনা করা হচ্ছে। দলটির নেতা মরিন লো পেন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় ১৮ শতাংশ ভোট পেয়েছিলেন। ৫৭৭ আসনের পার্লামেন্টে দলটি গত শতকের আশির দশকের পর সম্ভবত প্রথমবারের মতো আসন পেতে যাচ্ছে।ফ্রান্সের ৪০ শতাংশ ভোটার পার্লামেন্ট নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। অবশ্য ওলাঁদ প্রত্যেক নাগরিকের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান। গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় দিউদন শহর পরিদর্শনকালে তিনি বলেন, তাঁর দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলেই কেবল পরিবর্তনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে। প্রধানমন্ত্রী জ্যাঁ-মাহ্ক অ্যাহোর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটি পদক্ষেপ জনপ্রিয় হয়েছে যার মধ্যে রয়েছে মন্ত্রিসভা সদস্যদের বেতন ৩০ শতাংশ কমানো, রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দ কমানোর অঙ্গীকার এবং কিছুসংখ্যক কর্মীর অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬০ বছরে নামিয়ে আনা প্রভৃতি। তবে সারকোজির দল ইউএমপি সতর্ক করে দিয়ে বলেছে, সমাজতন্ত্রী সরকার দায়িত্বহীন বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগ বাস্তবায়নের জন্য জনগণের ওপর করের বোঝা ব্যাপক হারে বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এতে মধ্যবিত্তের ওপর বড় সংকট নেমে আসবে। এএফপি ও বিবিসি।