পরিচয়চিহ্ন কবজিবন্ধনী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাজ্যের কার্ডিফে বিদেশি শরণার্থীদের ক্ষুধার অন্ন জোগাতে এখন থেকে হাতে কবজিবন্ধনী (ব্যান্ড) পরতে হবে। শহরটিতে শরণার্থীদের খাবার জোগান দিতে চুক্তিবদ্ধ একটি বেসরকারি প্রতিষ্ঠান ব্রিটিশ সরকারের নির্দেশনায় এই শর্ত জুড়ে দিয়েছে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।
কার্ডিফের লেবার এমপি জো স্টিভেনসের বরাত দিয়ে বিবিসি বলেছে, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানটি শহরের লিনক্স হাউসে অবস্থানরত শরণার্থীদের মধ্যে এরই মধ্যে উজ্জ্বল রঙের হাতের ব্যান্ড দেওয়া শুরু করেছে, যাতে তাঁরা খাবার দাবি করতে পারেন।
তবে এমন পদক্ষেপকে অপমানজনক আখ্যা দিয়ে কেউ কেউ বলেছেন, এর মধ্য দিয়ে শরণার্থীদের নিপীড়নের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।
ইতিমধ্যে ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির মিডলস বরোর শরণার্থীরা জানায়, তাদের থাকার ঘরের দরজাগুলোতে লাল রং করে দিয়েছে একটি আবাসন প্রতিষ্ঠান। এরপর নির্যাতনের শিকার হচ্ছে তারা। এবার কার্ডিফে শরণার্থীদের ব্যান্ড পরার নির্দেশ দেওয়া হলো।
মিডলস বরোর শরণার্থীদের আবাসনে নিয়োজিত প্রতিষ্ঠানটি অবশ্য জানিয়েছে, শরণার্থীরা অভিবাসী হিসেবে আলাদা করে চিহ্নিত হওয়া নিয়ে উদ্বেগ দেখা দেওয়ার প্রেক্ষাপটে ঘরের দরজাগুলোতে নতুন রং লাগিয়ে দেবে তারা।
এদিকে দ্য গার্ডিয়ান বলেছে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীন কার্ডিফে শরণার্থী হিসেবে থাকলেও তাদের ওই ব্যান্ড পরতে বাধ্য করছে বেসরকারি প্রতিষ্ঠানটি। এই বলপ্রয়োগ নিয়ে গতকাল সোমবার যুক্তরাজ্য সরকারকে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে প্রশ্নের মুখোমুখি হওয়ার কথা ছিল।
কার্ডিফের এমপি ও ছায়া বিচারমন্ত্রী জো স্টিভেন্স গত রোববার বলেন, তিনি প্রতিষ্ঠান ‘ক্লিয়ারস্প্রিংস রেডি হোম’-এর সঙ্গে কথা বলে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। কার্ডিফে আসা নতুন শরণার্থীদের খাবার সরবরাহে প্রতিষ্ঠানটি স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ। এ বক্তব্য নিয়ে এই এমপি টুইটে লেখেন, ‘হাতে ব্যান্ড পরার এই বাধ্যবাধকতা বাতিল করতে হবে।’
জো স্টিভেন্সের এ উদ্যোগের আগে দ্য গার্ডিয়ান-এর আরেক প্রতিবেদনে বলা হয়েছিল, ওই প্রতিষ্ঠান শরণার্থীদের সব সময় হাতে ব্যান্ড পরে থাকতে বলেছে, নইলে তাদের খাবার দেওয়া হবে না বলে জানিয়েছে।
৩৬ বছর বয়সী শরণার্থী এরিক এনগলে বিবিসিকে বলেন, তিনি লিনক্স হাউসে দুই মাসের কাছাকাছি থেকেছেন। তখনই হাতে ব্যান্ড পরার প্রয়োজনীয়তাকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। তাঁকে বলা হয়েছিল, এই পদক্ষেপ স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশনায় নেওয়া। কিন্তু সরকার যে এ নির্দেশনা দিতে পারে, তা শরণার্থীরা বিশ্বাস করতে পারছেন না।
ওয়েলসের প্লেইড কামরি দলের নেতা লিয়েন উড বলেন, শরণার্থীদের যে পরিস্থিতিতে ফেলা হয়েছে, তা নিয়ে স্বরাষ্ট্র দপ্তরকে ‘গুরুতর প্রশ্নের’ সম্মুখীন হওয়া উচিত। কনজারভেটিভ দলের নেতা অ্যান্ড্রু আর টি ডেভিস বলেন, এ আচরণ অবিলম্বে বন্ধ করা দরকার।