পরিত্যক্ত নগর বাবে আমর
সিরিয়ার হোমস শহরের কাছাকাছি ছোট্ট একটা শহর। এই শহরটির নাম বাবে আমর। বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি ছিল সেখানে। কিন্তু প্রায় এক বছর আগে ভয়ংকর এক অভিযানের মধ্য দিয়ে শহরটি দখলে নেয় সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে তখন আশপাশের বিভিন্ন অঞ্চলে পাড়ি জমায়।বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ এবং দুই মাসব্যাপী গোলাবর্ষণে শতাধিক মানুষ নিহত হওয়ার পর বাবে আমর সম্পর্কে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুতুড়ে শহরটির বিভিন্ন বাড়িঘরের দেয়ালে সেই বুলেটের চিহ্ন ও বিধ্বস্ত বারান্দা দেখা যায়। টেলিফোন লাইনের খুঁটিগুলো উপড়ানো অবস্থায়ই রয়ে গেছে। অল্প কিছু লোক ফিরে এলেও বেশির ভাগ অ্যাপার্টমেন্ট এখনো জনশূন্য।বাবে আমর শহরেই গত বছরের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছিলেন সানডে টাইমস-এর প্রবীণ সাংবাদিক মরি কলভিন ও ফরাসি তরুণ আলোকচিত্রী রমি অশলিক। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক মাস পর ওই বিরান এলাকা সফরে গিয়ে সরকারি বাহিনীর ‘বিজয়’ উদ্যাপন করেন। বাবে আমরের ‘স্বাভাবিক জীবন’ ফিরে আসবে বলে তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু ১১ মাস পরও সেই বিধ্বস্ত নগরের দৃশ্যপট বদলায়নি। পুনর্গঠনের কোনো উদ্যোগ চোখে পড়ে না। স্থানীয় ৩৫ হাজার নাগরিক এখনো ফেরেনি। অল্প কিছু মানুষ ফিরে এলেও আবার সহিংসতার আশঙ্কায় শহরটি ছেড়ে যায়। নিজেদের উদ্বাস্তু অবস্থার জন্য তারা বিদ্রোহী ও সেনাবাহিনী উভয় পক্ষকেই এখন দায়ী করে।নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধার বাড়িটি ধ্বংসযজ্ঞ থেকে ‘সৌভাগ্যক্রমে’ রক্ষা পেয়েছে। তিনি অভিযোগ করেন, তাঁদের অকারণে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হয়েছে। তাঁদের সন্তানদের নিরাপত্তার কথা কেউ ভাবেনি। এটি ছিল সত্যিকারের যুদ্ধ। তবে এতে সবাই হেরেছে।শহরের তিনটি বিদ্যালয় আবার চালু হয়েছে। বিষয়টিকে সেখানকার একমাত্র আশাব্যঞ্জক ব্যাপার হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১২ বছর বয়সী সামিরের শিক্ষাজীবন থেকে এক বছর হারিয়ে গেছে। বন্ধুদের অনেকে ফেরেনি। এখন সে নতুন বন্ধু পেতে চায়।বাবে আমরে প্রত্যাবর্তনকারীদের অনেকেই স্থানীয় বাসিন্দা নয়। দেশের যুদ্ধকবলিত অন্য কোনো অঞ্চল থেকে তারা আশ্রয়ের খোঁজে এখানে এসেছে। স্থানীয় কর্তৃপক্ষ শহরটি পুনর্গঠনের জন্য আনুমানিক ব্যয় ধরেছে তিন কোটি ৩০ লাখ মার্কিন ডলার।স্থানীয় কয়েকজন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। শহর পুনর্গঠন করা হলেও বিভীষিকাময় স্মৃতি থেকে মুক্তি পেতে তাদের আরও সময় লাগবে। স্ত্রী-সন্তানদের নিয়ে ফিরে এসে বাড়িঘর ঠিকঠাক করছিলেন খালেদ নামের এক তরুণ। খালেদ বলেন, ‘প্রেসিডেন্ট বাশারের ক্ষমতায় থাকা না-থাকায় আমাদের মতো মানুষের জীবনে কী আসে-যায়?’ এএফপি।