মিয়ানমারের গণতন্ত্রকামী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী অং সান সু চি বলেছেন, বিশ্বে পরিপূর্ণ শান্তি অর্জনের লক্ষ্য পূরণ করা অসম্ভব। এ প্রসঙ্গে তিনি তাঁর নিজ দেশ মিয়ানমারের গোষ্ঠীগত বৈরিতা ও সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলেন। তবে সু চি বলেন, এসব বিরোধ মীমাংসায় জাতীয় যেকোনো প্রক্রিয়ায় ভূমিকা রাখতে তিনি প্রস্তুত।নরওয়ের রাজধানী অসলোয় গতকাল শনিবার নোবেল পুরস্কার নেওয়ার পর দেওয়া এক বক্তৃতায় সু চি এ কথা বলেন। ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হলেও মিয়ানমারের জান্তা সরকার দীর্ঘদিন গৃহবন্দী করে রাখায় এত দিন তিনি এই পুরস্কার নিতে পারেননি। ২১ বছর পর এই সম্মান হাতে নিলেন সু চি।সু চি বলেন, ‘আমি ইউরোপ সফর শুরু করার কয়েক দিন আগে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এতে হত্যাকাণ্ড, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া দেশের উত্তরাঞ্চলে পারস্পরিক বৈরিতাও বন্ধ করা সম্ভব হয়নি।’ তিনি বলেন, ‘আমি ও আমার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এসব সমস্যা সমাধানে জাতীয় যেকোনো প্রক্রিয়ায় যুক্ত হতে রাজি আছি।’মিয়ানমারের উত্তরাঞ্চলে বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকার অস্ত্রবিরতি চুক্তি করলেও সেখানে রক্তপাত চলছে। এদিকে গত সপ্তাহ থেকে পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় ৫০ জনের মতো মানুষ নিহত হয়েছে। বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।বক্তৃতায় সামরিক শাসন থেকে মিয়ানমারের গণতন্ত্রে উত্তরণের পথে উচ্চাকাঙ্ক্ষী হওয়ার ক্ষেত্রে সতর্ক করে দেন সু চি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভবিষ্যতে বিশ্বাস করি না বলে এ কথা বলছি, বিষয়টি তা নয়। বরং আমি কাউকে অন্ধ বিশ্বাসে উৎসাহ দিতে চাই না।’অসলো সিটি হলে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন সু চি। তিনি বলেন, প্রথমে রেডিওর খবরে নোবেল পুরস্কার জয়ের কথা শুনেছিলেন। এই খবরে তাঁর মনের একটি জানালা খুলে গিয়েছিল। সু চি আরও বলেন, ‘গৃহবন্দী থাকার সময় মনে হতো, আমি চারপাশের বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন। কিন্তু ওই সময়ে পাওয়া এই পুরস্কার আমাকে বাস্তব জগতের সঙ্গে সম্পৃক্ত করে। মনে হয় মিয়ানমার, মিয়ানমারের দুর্দশা বিশ্ববাসী ভুলে যায়নি। তাদের চোখ রয়েছে মিয়ানমার পরিস্থিতির দিকে।’সু চি আরও বলেন, এখন পশ্চিমাদের সমর্থন ও সহযোগিতায় মিয়ানমারে পরিবর্তন আসছে।নরওয়ের নোবেল কমিটির প্রধান থরবিয়র্ন জাগল্যান্ড সু চিকে বিশ্বসম্প্রদায়ের জন্য মূল্যবান উপহার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, নোবেল কমিটি এত দিন ধরে তাঁর প্রতীক্ষায় দিন গুনেছে। আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে সু চির স্বতন্ত্র মনোভাব তাঁর নৈতিক অবস্থানকেই জোরালো করেছে।২০১০ সালে সু চি স্থায়ীভাবে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পান। গত ২৪ বছরের বেশির ভাগ সময় তিনি গৃহবন্দী ছিলেন। ১৯৮৮ সালের পর এই প্রথমবারের মতো ইউরোপ সফর করছেন সু চি। এর আগে গত বৃহস্পতিবার তিনি আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (আইএলও) সম্মেলনে ভাষণ দেন। বিবিসি, এএফপি, রয়টার্স।