পরিবহনব্যবস্থা বিপর্যস্ত ১০ হাজার ফ্লাইট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে শীতকালীন ঝড় বয়ে যাচ্ছে। ঝড়ের কারণে পরিবহনব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতিল করা হয়েছে ১০ হাজারেরও বেশি ফ্লাইট। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর। বিদ্যুৎ নেই অনেক বাড়িঘরে। বিশেষজ্ঞরা বলছেন, ঝড়ের সবচেয়ে বড় ঝাপটা এখনো আঘাত হানেনি। টেক্সাসের প্রায় ২৭ হাজার ও ওহাইওর প্রায় ১৪ হাজার বাড়িঘরে গতকাল পর্যন্ত বিদ্যুৎ ছিল না। ১৯টি অঙ্গরাজ্যে সতর্কাবস্থা জারি করা হয়েছে।শীতকালীন এই ঝড়ে কলোরাডো থেকে মেইন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঝড়ের কারণে গত মঙ্গলবার প্রায় সাড়ে ছয় হাজার ফ্লাইট বাতিল করা হয়, যা যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্যিক ফ্লাইটের প্রায় ২০ শতাংশ। এ ছাড়া নিরাপত্তমূলক ব্যবস্থা হিসেবে আরও তিন হাজার ৬০০ ফ্লাইট বাতিলের তালিকায় রাখা হয়। সোমবার বাতিল করা হয় প্রায় ৮০০ ফ্লাইট। গতকাল বুধবারও অনেক ফ্লাইট বাতিল করার কথা।শিকাগো শহরের কর্মকর্তারা গতকাল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার ঘোষণা দেন। শহরটিতে ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। বার্তা সংস্থা এপি জানায়, দিনের মধ্যভাগের মধ্যে মিসৌরিতে এক ফুটেরও বেশি তুষারপাত হয়েছে। অন্যান্য এলাকাও তুষারে ঢাকা পড়ছে।আইওয়ার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জেফ জনসন বলেন, তিনি নিশ্চিত যে ঝড় কয়েক দিনের জন্য পরিবহনব্যবস্থাকে অচল করে দেবে।চলতি শীতের মৌসুমে কয়েক দফা ঝড়ের কারণে সরকারি বাজেটের ওপর চাপ পড়েছে। তুষারে ঢাকা রাস্তাঘাট পরিষ্কার করতে গিয়ে সরকারি ব্যয় অনেক বেড়ে গেছে।তবে ঝড়ের কারণে কিছু ব্যবসায়ী লাভবান হচ্ছেন। উদ্বিগ্ন জনগণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ বাড়াচ্ছেন। এতে বেড়ে গেছে বিক্রির পরিমাণ। মুদি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, বড়দিন উপলক্ষে দুধ, রুটি, টয়লেট পেপার ও বিয়ার যে পরিমাণে বিক্রি হয়, এখনো সেই পরিমাণে বিক্রি হচ্ছে।হার্ডওয়্যার দোকানগুলোতে বিক্রির পরিমাণ বেড়ে গেছে। বিভিন্ন খবরে বলা হচ্ছে, আক্রান্ত এলাকার হার্ডওয়্যার দোকানগুলোতে তুষার খোঁড়ার শাবল, বরফ গলানোর লবণ ও জেনারেটর ফুরিয়ে গেছে।তুষারপাতের কারণে ওকলাহোমার ওকলাহোমা সিটি ও টুলসা অচল হয়ে পড়েছে। তুষারপাতের কারণে সেখানে দৃষ্টিসীমা কমে গেছে। বিবিসি, ডেইলি মেইল ও এএফপি।