পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বললেন মুরসি
মিসরের ক্ষমতাচ্যুত ও অজ্ঞাত স্থানে বন্দী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গত বুধবার টেলিফোনে আবার তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি সুস্থ আছেন বলে স্বজনদের আশ্বস্ত করেছেন। মুরসির আইনজীবী এ তথ্য দিয়েছেন।
সেনাবাহিনী গত ৩ জুলাই ক্ষমতাচ্যুত করার পর থেকে মুরসিকে অজ্ঞাত স্থানে বন্দী রাখা হয়েছে। মুরসির আইনজীবী মোস্তফা আত্তেহ বলেছেন, ক্ষমতাচ্যুত মুরসিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আগে স্বজনদের সঙ্গে টেলিফোনে কুশল বিনিময় ধরনের কথাবার্তা বলার এ সুযোগ দিয়েছে সেনাবাহিনী। তবে এখনো শুনানির তারিখ ধার্য করা হয়নি। আইনজীবীরা এখনো তাঁর সঙ্গে কথা বলার অনুমতি পাননি। প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় মুরসিকে দায়ী করে বিচারের উদ্যোগ নিয়েছে সেনাসমর্থিত সরকার। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক খবরে বলা হয়েছে, মুরসি (৬২) গত সপ্তাহে টেলিফোনে তাঁর স্ত্রী-সন্তানদের সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন। এরপর বুধবার আবারও কথা বলার সুযোগ পান। স্ত্রী ছাড়াও ছেলে ওসামার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন মুরসি। এ সময় তিনি ভালো আছেন বলে ছেলেকে আশ্বস্ত করেন। মুরসি বলেন, ‘শেষনিঃশ্বাস ত্যাগের আগমুহূর্ত পর্যন্ত দৃঢ় থাকব।’ মোস্তফা আত্তেহ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। হাফিংটন পোস্ট।