ওয়াল স্ট্রিট দখল করো আন্দোলনে অনুপ্রাণিত পরিবেশবাদীরা পরিবেশ সম্মেলনস্থলে আজ সোমবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ থেকে দক্ষিণ আফ্রিকার ডারবানে সপ্তদশ জলবায়ু সম্মেলন (কোপ-১৭) শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া পুুঁজিবাদবিরোধী ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে পরিবেশবাদীরা ‘কোপ-১৭ দখল করো’ (অকুপাই কোপ-১৭) নামের এ আন্দোলনের উদ্যোগ নিয়েছে। এ আন্দোলনের সংগঠকেরা বলেন, জলবায়ু নিরাপত্তার দাবিতে সম্মেলনস্থলের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।জলবায়ু সম্মেলনের অনুষ্ঠানস্থল ‘স্পিকার্স কর্নারে’ একটি সমাবেশ আহ্বান করা হবে বলে জানান ডারবানের কুয়াজুলু নাটাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্যাট্রিক বন্ড। তিনি বলেন, আন্দোলনের জন্য নির্দিষ্ট একটি স্থান বরাদ্দ পাওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।কোপ-১৭ দখল করো আন্দোলনকারীদের ওয়েবসাইটে বলা হয়, দরিদ্র বহু দেশে ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে। জলবায়ু সম্মেলনের ধীরগতি ও উচ্চাকাঙ্ক্ষার অভাব রয়েছে, যা হতাশাজনক। এ ধরনের সম্মেলন কিংবা ঘোষণার মধ্যে ৯৯ শতাংশ মানুষের প্রত্যাশার প্রতিফলন হয় না।ওয়েবসাইটে আরও বলা হয়, ‘বেসরকারি বড় বড় প্রতিষ্ঠান জাতিসংঘের জলবায়ু সম্মেলনে আমাদের আসনগুলো দখল করে নেয়। এসব প্রতিষ্ঠানের প্রভাবে বিভিন্ন দেশের সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে।’দক্ষিণ আফ্রিকার মন্ত্রী গত শুক্রবার বলেন, জলবায়ু সম্মেলন উপলক্ষে আড়াই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট হোসে মারিয়া ফিগেরেস চলতি মাসের শুরুতে বাংলাদেশে ক্লাইমেট ভালনারেবল ফোরামে ‘অকুপাই কোপ-১৭’-এর মতো একটি আন্দোলনের সম্ভাবনার কথা বলেছিলেন। এএফপি।