পরিবেশবান্ধব চেঙ্গিস খান!
বিশ্বের ইতিহাসে মোঙ্গল সম্রাট চেঙ্গিস খান একজন ভয়ংকর যোদ্ধা হিসেবে পরিচিত। প্রায় দেড় শতক টিকে ছিল তাঁর সাম্রাজ্য। ত্রয়োদশ শতাব্দীতে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ জায়গা দখল করে নিয়েছিলেন চেঙ্গিস খান। আর তা করতে গিয়ে তাঁর সেনারা যে নৃশংস হত্যাযজ্ঞ চালায়, এতে ঝরে যায় প্রায় চার কোটি প্রাণ। এর পরও এ যুগের গবেষকেরা তাঁকে বিশ্বের সর্বকালের সেরা পরিবেশবান্ধব বীরের মর্যাদা দিতে চাইছেন। নতুন এক গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীরা দাবি করছেন, চেঙ্গিস খানের কারণে ৭০ কোটি টন কার্বন বায়ুমণ্ডল থেকে অপসারিত হয়েছিল। যুক্তরাষ্ট্রের কার্নেগি ইনস্টিটিউশনস ডিপার্টমেন্ট অব গ্লোবাল ইকোলজির গবেষকেরা এই গবেষণা চালান। এতে নেতৃত্ব দেন জুলিয়া পনগ্রাৎজ।গবেষকদের তথ্য অনুযায়ী, সাম্রাজ্য বিস্তারে চেঙ্গিস খান যে হত্যাযজ্ঞ চালান, এতে অনেক এলাকা মানবশূন্য হয়ে পড়ে। ওই এলাকাগুলোতে কৃষিজমি ও বসতবাড়িতে গাছপালা জন্মে ক্রমে তা বনজঙ্গলে পরিণত হয়। অনেক এলাকা হয়ে যায় গহিন অরণ্য। এসব বনজঙ্গলের গাছপালা বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ পরিবেশ দূষণকারী কার্বন ডাই-অক্সাইড শুষে নেয়।চেঙ্গিস খান নিজের অগোচরে যে প্রক্রিয়ায় পরিবেশ রক্ষায় সহায়ক ভূমিকা পালন করছেন, তা অবশ্যই গবেষকদের কাছে গ্রহণযোগ্য নয়। তবে পরিবেশবিদদের মতে, চেঙ্গিস খানের এই প্রক্রিয়াই পরিবেশ শীতল রাখার ক্ষেত্রে প্রথম মানবসৃষ্ট উপায়।গবেষক জুলিয়া পনগ্রাৎজ বলেন, ‘সবার মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে কলকারখানা স্থাপনের যুগে কার্বন ও জ্বালানি তেল পোড়ানোর মধ্য দিয়ে মানুষ জলবায়ু পরিবর্তনে ব্যাপকভাবে ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করে। আসলে হাজার হাজার বছর আগে থেকেই মানুষ জলবায়ু পরিবর্তনে প্রভাব রাখছে। কৃষি কাজের জন্য মানুষ যখন গাছপালা কাটতে শুরু করে, তখন থেকেই জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি দাবি করেন, মোঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশ থেকে ৭০ কোটি টন কার্বন হ্রাস পাওয়া আসলে চমকপ্রদ কিছু নয়। কারণ বিশ্বে এক বছরে পোড়ানো পেট্রল থেকে প্রায় একই পরিমাণ কার্বন নিঃসরণ হয়। ডেইলি মেইল অনলাইন।