পরিস্থিতি পর্যবেক্ষণে রাখাইন রাজ্যে জাতিসংঘের দূত
রাখাইন রাজ্যে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণে গতকাল বুধবার মিয়ানমার সফরে গেছেন জাতিসংঘের একজন শীর্ষস্থানীয় দূত।পরিস্থিতি নিয়ন্ত্রণে গত রোববার রাখাইন রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। অনেক জায়গায় সকাল-সন্ধ্যা কারফিউ জারি করা হয়। গত বছর ক্ষমতা গ্রহণ করা মিয়ানমারের সেনাসমর্থিত সংস্কারবাদী বেসামরিক সরকারের জন্য এই দাঙ্গা মোকাবিলা করাটা বড় ধরনের চ্যালেঞ্জে পরিণত হয়েছে।জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মিয়ানমারবিষয়ক বিশেষ উপদেষ্টা বিজয় নাম্বিয়ার রাখাইন রাজ্যের রাজধানী সিত্তুয়ি পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে মিয়ানমারের সীমান্তবিষয়ক মন্ত্রী থেইন সেইন এবং ইয়াঙ্গুনের ১৫ জন মুসলিম ধর্মীয় নেতাও ছিলেন। তাঁদের রাজ্যের মংডু নগর পরিদর্শন করার কথা। বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত এই মংডু নগরে গত শুক্রবার মুসলিম রোহিঙ্গা ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে।পাঁচ দিনের সহিংসতায় অন্তত ২৫ জন নিহত ও আরও ৪১ জন আহত হয়। রোহিঙ্গা নেতারা অভিযোগ করেন, দাঙ্গার ঘটনায় প্রকৃত হতাহতের সংখ্যা অনেক বেশি।একজন নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ৩ জুন বৌদ্ধ সম্প্রদায়ের উত্তেজিত জনতা একটি বাসে হামলা চালিয়ে ১০ মুসলিমকে হত্যা করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে।জাতিসংঘের আবাসিক কর্মকর্তা অশোক নিগাম বলেন, ‘জাতিগত রাখাইনদের কীভাবে সহযোগিতা দেওয়া যায়, সেটি যাচাই করতে ও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আমরা এখানে এসেছি।’কয়েক দিনের দাঙ্গা চলাকালে রাখাইন রাজ্যের সিত্তুয়িতে গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। শহরের অনেক বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ছুরি, তলোয়ার ও লাঠি নিয়ে রাস্তায় ঘুরতে দেখা গেছে। এ সময় দুই সম্প্রদায়ের বহু মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। সহিংসতার জন্য মুসলমান ও বৌদ্ধরা পরস্পরকে দায়ী করছে। এএফপি।