পরীক্ষায় নকল ঠেকাতে
চীনের হুবেই প্রদেশের য়ুহান এলাকার সিহুয়াং মিডল স্কুল। সেখানে সারা বছর শিক্ষার্থীদের পাঠদান করা হয় শ্রেণীকক্ষে। কিন্তু পরীক্ষা নেওয়া হয় খেলার মাঠে। উন্মুক্ত স্থানে।কারণ আর কিছুই নয়। শিক্ষার্থীরা যাতে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করতে না পারে, এ লক্ষ্যেই স্কুল কর্তৃপক্ষ এমন কৌশল হাতে নিয়েছে।স্কুলের কর্মকর্তারা জানান, এতে সুফলও পাওয়া যাচ্ছে। আগে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে গাদাগাদি করে বসত। পরীক্ষা চলাকালে নানাভাবে সহপাঠীদের সহযোগিতা পাওয়ার চেষ্টা করত। কিন্তু খেলার মাঠে বিস্তর জায়গা। সেখানে শিক্ষার্থীদের একজন থেকে অন্যজনকে বসানো হয় অনেকটা দূরে। অন্যের খাতার দিকে উঁকিঝুঁকি দেওয়ার সুযোগ সেখানে নেই। সহপাঠীর কাছ থেকে কোনো প্রশ্নের উত্তর জানতে ফিসফিস করে কথা বলাও দুষ্কর। তার ওপর অপেক্ষাকৃত উঁচু স্থানে বসে শিক্ষকেরা শিক্ষার্থীদের মতিগতির ওপর কড়া নজর রাখেন। কাজেই তাদের নকল করার কোনো উপায়ই আর নেই। অরেঞ্জ অনলাইন।