পরীক্ষিত ১০ কর্মপন্থায় অপুষ্টি কমানো সম্ভব: ল্যানসেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনভিত্তিক প্রভাবশালী চিকিৎসা ও জনস্বাস্থ্য-বিষয়ক সাময়িকী ‘ল্যানসেট’ বলছে, ১০টি পরীক্ষিত কর্মপন্থার বিস্তার ঘটালে বাংলাদেশসহ ৩৪টি উচ্চ-অপুষ্টির দেশে বছরে নয় লাখ শিশুর জীবন রক্ষা করা সম্ভব। পৃথিবীর পাঁচ বছরের কম বয়সী খর্বাকৃতির শিশুর মোট ৯০ শতাংশ এসব দেশে বাস করে।

ল্যানসেটের মাতৃ ও শিশু পুষ্টিবিষয়ক বিশেষ সংখ্যাটি আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, সেভ দ্য চিলড্রেন ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান যৌথভাবে এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। এই সংখ্যাটি গত মাসে লন্ডনে প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

পরীক্ষিত ১০টি কর্মপন্থা হচ্ছে কিশোরী স্বাস্থ্য ও গর্ভপূর্ব অবস্থার পুষ্টি, মায়ের সম্পূরক খাবার, সম্পূরক অনুপুষ্টি বা অনুপুষ্টি সমৃদ্ধকরণ, বুকের দুধ খাওয়ানো ও পরিপূরক খাবার, শিশুর সম্পূরক খাবার, খাবারে বৈচিত্র্য, খাদ্যাভ্যাস ও উদ্দীপনা, মারাত্মক তীব্র অপুষ্টির চিকিৎসা, রোগপ্রতিরোধ ও ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে পুষ্টি কার্যক্রম।

সাময়িকীটির বিষয়বস্তু উপস্থাপনার সময় যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের আন্তর্জাতিক স্বাস্থ্য বিভাগের পরিচালক ও একাধিক প্রবন্ধের সহলেখক রবার্ট ই ব্লাক বলেন, পৃথিবীব্যাপী খর্বাকার শিশুর হার কমছে, তবে তা ধীরগতিতে। মা খর্বাকার হলে শিশুর বৃদ্ধি সঠিক হয় না, বিলম্বিত প্রসব হয় এবং শিশুর মৃত্যুও হতে পারে। তিনি বলেন, অনুপুষ্টির সঙ্গে নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের সংক্রমণ হলে শিশু মৃত্যু দ্বিগুণ বাড়ে।

ল্যানসেট মা ও শিশুর অপুষ্টি বিষয়ে ২০০৮ সালে প্রথম বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল। এরই ধারাবাহিকতায় বর্তমান সংখ্যাটি প্রকাশ করা হয়েছে। পাঁচ বছরে পৃথিবীব্যাপী পুষ্টি পরিস্থিতির কী পরিবর্তন হয়েছে, তা চারটি পৃথক প্রবন্ধে তুলে ধরা হয়েছে।

মতামত কলামে ল্যানসেটের সম্পাদক রিচার্ড হার্টন লিখেছেন, ২০০৮ সালের পর থেকে পুষ্টি খাতে দাতা সহায়তা বেড়েছে সামান্যই। রাজনীতিকদের কাছে পুষ্টি আকর্ষণীয় বিষয় নয়। অপুষ্টির পেছনে আছে জটিল রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণ।

আইসিডিডিআরবির পুষ্টি ও খাদ্যনিরাপত্তা কেন্দ্রের পরিচালক তাহমিদ আহমেদ প্রবন্ধের বিষয়বস্তু উপস্থাপনার সময় বলেন, অপুষ্টির শিকার শিশুর ৯০ শতাংশ ৩৪টি দেশের। এর মধ্যে আছে ভারত, নেপাল ও বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের ৪১ শতাংশ শিশু খর্বাকায়। পরীক্ষিত কর্মপন্থার বিস্তার ঘটিয়ে খর্বাকার শিশুর সংখ্যা ২০ শতাংশ কমানো সম্ভব।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, অন্য ক্ষেত্রে একাধিক মন্ত্রণালয় একযোগে কাজ করতে পারলে অপুষ্টি দূর করার ক্ষেত্রেও বিভিন্ন মন্ত্রণালয় একযোগে কাজ করতে পারবে।

বিশেষ অতিথি জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, সরকার, এনজিও, গণমাধ্যম, নাগরিক সমাজ সবাইকে একসঙ্গে মিলে অপুষ্টি দূর করতে হবে।

এদিকে ভারতের শিশুস্বাস্থ্যবিদ ও পুষ্টিবিদদের একটি অংশ ল্যানসেটের এই বিশেষ সংখ্যার সমালোচনা করে বিবৃতি দিয়ে বলেছে, শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি এ প্রবন্ধ লিখেছেন।

একজন সাংবাদিক এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে তাহমিদ আহমেদ বলেন, সরকার একা অপুষ্টি সমস্যার সমাধান করতে পারবে না। সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগ এ ক্ষেত্রে দরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন, সেভ দ্য চিলড্রেনের এ- দেশীয় পরিচালক মাইকেল ক্যামগ্রা।