পরোক্ষ ধূমপানে তরুণ-তরুণীর শ্রবণশক্তির ঝুঁকি দ্বিগুণ বাড়তে পারে বলে গবেষণায় প্রমাণিত হয়েছে।যুক্তরাষ্ট্রের ১২ থেকে ১৯ বছর বয়সী প্রায় দেড় হাজার কিশোর-কিশোরীর ওপর গবেষণা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে।গবেষকেরা বলেছেন, অন্য ব্যক্তির সিগারেটের ধোঁয়ায় সরাসরি শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। যত বেশি ধোঁয়া, তত বেশি ক্ষতি। তবে এটা এখনো স্পষ্ট নয় যে কী পরিমাণ ধোঁয়া শ্রবণশক্তির জন্য ক্ষতিকর।বিশেষজ্ঞরা এরই মধ্যে প্রমাণ করে দেখিয়েছেন, ধূমপানের কারণে কানের মধ্যভাগে সমস্যা দেখা দেয়। তাঁরা মনে করেন, সিগারেটের ধোঁয়ায় কানে সুষ্ঠু রক্ত সঞ্চালন বিঘ্নিত হতে পারে। দেখা দিতে পারে নানা সমস্যা।এসব কারণে এবং ধূমপানসংক্রান্ত অন্যান্য স্বাস্থ্যঝুঁকির কারণে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, সিগারেটের ধোঁয়া থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে।দাতব্য সংস্থা অ্যাকশন অন হিয়ারিং লসের (আরএনআইডি) প্রধান ড. রালফ হোলম বলেছেন, ‘আমাদের নিজস্ব গবেষণা থেকে এরই মধ্যে জানতে পেরেছি যে নিয়মিত ধূমপানের ফলে শ্রবণশক্তি ক্ষতির ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি রয়েছে। আর নতুন গবেষণায় দেখা গেছে, পরোক্ষ ধূমপানের ফলে কিশোর-কিশোরীর শ্রবণশক্তির ক্ষতি হয়।’ তিনি বলেন, ভবিষ্যতের গবেষণাগুলোতে এটা রোধের কার্যকরণ নিয়ে বিশ্লেষণ করা হবে। গবেষক দলের প্রধান ও নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক অনিল লালওয়ানি বলেন, ‘জনসমাবেশস্থল ও বাড়িতে ধূমপানের বিষয়টি আমাদের পুনর্বিবেচনা করতে হবে।’ গবেষণায় অংশ নেওয়া ৮০০ কিশোর-কিশোরীর ৪০ ভাগের ক্ষেত্রে দেখা গেছে, পরোক্ষ ধূমপানের কারণে তাদের শ্রবণশক্তিতে সমস্যা দেখা দিয়েছে। আর ৭৫০ জনের মধ্যে প্রায় ২৫ ভাগের ক্ষেত্রে দেখা গেছে, পরোক্ষ ধূমপানের ফলে তাদের ক্ষতি হয়নি। বিবিসি অনলাইন।