পর্নো আদান-প্রদান ক্লাসেই, শিক্ষকদের সতর্কতা

শ্রেণিকক্ষে বসেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সহপাঠীদের মধ্যে অনলাইন পর্নো ভিডিও ও যৌনতাবিষয়ক ছবি আদান-প্রদান করে। এমনকি শ্রেণিকক্ষের বাইরে সহপাঠীদের মধ্যে আলোচনা ও আগ্রহের বিষয়বস্তু পর্নোগ্রাফি ও যৌনতা। সম্প্রতি এক জরিপে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, প্রায় ১ হাজার ৫০০ শিক্ষকের মধ্যে ওই জরিপটি চালানো হয়েছে। এতে ৬২ শতাংশ শিক্ষক জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে যৌনতাবিষয়ক ছবি ও ভিডিও আদান-প্রদানের বিষয়টি তাঁরা জানেন। এ ব্যাপারে তাঁরা সচেতনও। তাঁরা বলেছেন, এ ধরনের প্রতি ছয়জন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষাস্তরের।
জরিপে অংশ নেওয়া শিক্ষকেরা জানিয়েছেন, শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে যৌনতাবিষয়ক ছবি ও ভিডিও আদান-প্রদান করে। অনেক সময় তারা নিজেদের ছবিও অনলাইনে পোস্ট কিংবা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীকে পাঠিয়ে হুমকি দেয়।
শিক্ষকেরা বলছেন, অনেক সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে শিক্ষকের উপস্থিতিতেই প্রকাশ্যে যৌন সম্পর্কিত আলোচনা করে। এ ছাড়া মোবাইল ফোনে থাকা ওই সংক্রান্ত ছবি-ভিডিও চিত্র ও সামাজিক যোগাযোগের মাধ্যমের ট্রলিং নিয়েও তারা আলোচনা করে।
একজন শিক্ষক বলেছেন, শিক্ষার্থীরা কীভাবে বেনামে ইনস্টাগ্রামে গ্রুপ খুলতে পারে! সেখানে তারা গোপনে ধারণ করা আপত্তিকর ছবি পোস্ট করে এবং মন্তব্যও জানায়। কখনো কখনো ওই সব পোস্টে মন্তব্য ও লাইকের সংখ্যা অনেক বেশি হয়ে যায়।
আরেক শিক্ষক বলেছেন, শিক্ষার্থী ভুয়া পেজ তৈরি করে অন্য শিক্ষার্থীদের ‘ফাঁদে’ ফেলে। সেখানে তারা গোপনে ধারণ করা অন্যদের নগ্ন ছবি শেয়ার করে।
যুক্তরাজ্যের বার্নার্ডোস চিলড্রেনস চ্যারিটি বলছে, এই গবেষণার ফলাফল খুবই মর্মান্তিক। এই ফল এটাই বোঝাচ্ছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব ও বাস্তব জীবনে অনলাইনের বিপজ্জনক দিক শিক্ষার্থীদের এখন বোঝানোটা কতটা গুরুত্বপূর্ণ।
চ্যারিটির প্রধান নির্বাহী জাভেদ খান বলেন, নিয়মিত সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের সুযোগ, অনলাইন পর্নোগ্রাফি ও অনলাইনের অন্যান্য ক্ষতিকর বিষয়বস্তু তরুণদের বিকৃত মানসিকতা সৃষ্টি করছে। তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভাবনাও নষ্ট করে দিচ্ছে।
জাভেদ খান বলেন, ‘এ কারণেই শিশু-কিশোর ও তরুণেরা নগ্ন ছবি শেয়ার করার দিকে ঝুঁকে পড়ছে এবং অনলাইনের অপব্যবহার করছে। শিগগিরই শিক্ষার্থীদের মধ্যে সংবিধিবদ্ধ সম্পর্ক ও যৌনশিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। আমরা এটাকে স্বাগত জানাই। এর মাধ্যমে অনলাইনে কীভাবে শিশুরা নিরাপদ থাকবে এবং যৌন নিপীড়ন-প্রতারণা কীভাবে প্রতিরোধ করবে, সে বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়া যৌন বার্তা না পাঠানোর বিষয়েও পাঠ থাকবে।’
গত মাসে যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী জাস্টিন গ্রিনিং ঘোষণা দিয়েছিলেন, চার বছর বয়সী শিশুদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও নিজেদের নিরাপদ রাখার পাঠ দেওয়া হবে। চ্যারিটি গ্রুপের চাপের মুখে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দিয়েছিলেন। গ্রুপটি দাবি করেছিল, শিশুদের বর্তমান পাঠ্যক্রমে এসব নেই। এই পাঠ্যক্রম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন পাঠ্যক্রম প্রকাশিত হচ্ছে। তবে সরকার বলছে, আগামী বছর থেকে যুক্তরাজ্যর সব স্কুলে এই পাঠ বাধ্যতামূলক করা হবে। যেখানে অনলাইন পর্নোগ্রাফির ক্ষতিকর দিক, যৌন বার্তা আদান-প্রদান ও যৌন হয়রানির ক্ষতিকর দিক নিয়ে আলোচনা থাকবে।
যুক্তরাজ্যের শিক্ষক ইউনিয়ন এনএএসইউডব্লিউটি ঠিক একই ধরনের আরেকটি জরিপ পরিচালনা করেছে। সেখানেও তারা একই ধরনের ফল পেয়েছেন।
এনএএসইউডব্লিউটির সাধারণ সম্পাদক ক্রিস কিটস বলেন, ‘জরিপের ফল খুবই হতাশাজনক। আমাদের স্কুলগুলোতে এসব কী হচ্ছে! শিক্ষকেরা এ ব্যাপারে কিছুই করতে পারছেন না।’
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘শিশু-কিশোর ও তরুণদের এ থেকে ফেরানোর সবচেয়ে ভালো উপায় হলো যৌন শিক্ষা দেওয়া। এ কারণেই আমার এই শিক্ষা বাধ্যতামূলক করতে যাচ্ছি।’