পর্বতচূড়া ছোঁয়ার স্বপ্ন
পর্বতচূড়া ছোঁয়ার স্বপ্ন তাঁদের। তাও যেনতেন নয়, বিশ্বের বড় বড় পর্বতের উঁচু চূড়াগুলোই ছুঁতে চান তাঁরা। সেই স্বপ্ন বুকে নিয়ে অভিযান চলছে তাঁদের। এবার লক্ষ্য হিমালয়ের অন্নপূর্ণা চূড়া। এ চূড়া ছুঁতে পারলেই তাঁদের একজন হবেন ইতিহাসের অংশ। বিশ্বের ১৪টি পর্বতচূড়ায় আরোহণ করা প্রথম নারী!এই নারীর নাম ওহ ইয়ুন সান। চলতি মাসেই অন্নপূর্ণায় ওঠার অভিযান শুরু করবেন দক্ষিণ কোরিয়ার এ নাগরিক। ইতিহাস গড়ায় তাঁর কাছাকাছি আছেন স্পেনের ইদুর্নে পাসাবান, অস্ট্রিয়ার গার্লিন্দে ক্যালটেনব্রুনার ও ইতালির নিভেস মেরোই।মেরোইয়ের স্বদেশি রিনহোল্ড মেজনার বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১৪টি চূড়ায় ওঠার কৃতিত্ব দেখান। তিনি ১৯৮৬ সালে এ গৌরব অর্জন করেন। ওহ ইয়ুন হিমালয় ও কারাকোরামের ১৩টি চূড়ায় আরোহণ করেছেন। সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রথম নারী হিসেবে ১৪টি পর্বতচূড়ায় ওঠার ইতিহাস গড়তে পারলে আমি সত্যিই গর্বিত হব। শুধু নিজের জন্য নয়, আমার দেশ ও এশিয়ার জন্য।’ ৪৩ বছর বয়সী ওহ ইয়ুন বলেন, ‘আমি বুঝতে পারি না, এর আগে কোনো নারী কেন এ ইতিহাস সৃষ্টি করতে পারেননি।’ ওহ ইয়ুনের প্রধান প্রতিদ্বন্দ্বী পাসাবানকে অবশ্য এ ইতিহাস গড়তে অন্নপূর্ণা ছাড়াও একটি পর্বতচূড়ায় উঠতে হবে। তিব্বতের শিসা পাগমা চূড়ায়ও ওঠা হয়নি পাসাবানের। তবে এ মাসের মধ্যেই এ দুই চূড়াতেই ওঠার আশা করছেন তিনি। পাসাবান প্রথমে তিব্বতের শিসা পাগমায় অভিযানের কথা বিবেচনা করছিলেন। পাগমার অভিযান অন্নপূর্ণার চেয়ে কিছুটা সহজ হবে চিন্তা করেই এ বিবেচনা তাঁর। কিন্তু চীনের অনুমতি না পাওয়ায় তিনি অন্নপূর্ণা অভিযান শুরু করছেন।আট হাজার ৯১ মিটার উচ্চতার অন্নপূর্ণা অভিযান সত্যিই বিপজ্জনক। মাউন্ট এভারেস্টে উঠতে যত পর্বতারোহী মারা গেছেন, অন্নপূর্ণায় উঠতে গিয়ে তার চেয়ে বেশি লোক মারা গেছেন। এ কারণে অন্নপূর্ণা অভিযানকারীদের পর্বতে ওঠার কৌশল অনেক বেশি নিখুঁত হতে হয়।অস্ট্রিয়ার গার্লিন্দে ক্যালটেনব্রুনার গত আগস্টে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতচূড়া আট হাজার ৬১১ মিটার উচ্চতার কে২-তে উঠতে গিয়ে ব্যর্থ হন। চীন-পাকিস্তান সীমান্তে অবস্থিত কে২-এর অভিযানকে আট হাজার মিটার উচ্চতার পর্বতচূড়াগুলোর মধ্যে সবচেয়ে কঠিন বলে ধরা হয়। গার্লিন্দে ১৪টির মধ্যে ১২টি পর্বতচূড়ায় আরোহণ করেছেন।ইতালির নিভেস মেরোই এ পর্যন্ত ১১টি পর্বতচূড়া জয় করেছেন।ওহ ইয়ুন এবং পাসাবান দুজনেরই একবার করে অন্নপূর্ণা অভিযান ব্যর্থ হয়েছে। ২০০৭ সালে পাসাবানের ওই অভিযানে দল নিয়ে তিনি চূড়ার এক হাজার মিটারের কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সেখান থেকেই ফিরে আসতে হয় তাঁকে।৩৬ বছর বয়সী পাসাবান সাংবাদিকদের বলেন, অন্নপূর্ণা অভিযান কঠিন ও বিপজ্জনক। অনেকের মতে, ‘পর্বতচূড়াগুলোর মধ্যে এটাই বেশি বিপজ্জনক। পাসাবান বলেন, ‘নারীদের জন্য ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে এ ধরনের অভিযানের সঠিক সময়। ওহ ইয়ুন ও পাসাবান এ মাসে অন্নপূর্ণা অভিযান শুরু করবেন। ওহ ইয়ুন অন্নপূর্ণার চূড়ায় উঠতে পারলে তিনিই হবেন আট হাজার মিটার উচ্চতার সব পর্বতচূড়ায় ওঠা প্রথম নারী। এএফপি।