পর্বতচূড়া ছোঁয়ার স্বপ্ন সত্যি হলো ওহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের পর্বত চূড়াগুলোর মধ্যে আট হাজার মিটারের বেশি উঁচু ১৪টি। প্রথম নারী হিসেবে এর সবগুলোয় ওঠার কৃতিত্ব অর্জন করেছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ুন-সান। আট হাজার ৯১ মিটার উঁচু হিমালয়ের অন্নপূর্ণা চূড়ায় গতকাল মঙ্গলবার নিজের দেশের পতাকা উড়িয়ে তিনি এ ইতিহাস গড়লেন। যদিও অপর একটি পর্বত চূড়ার ওঠা নিয়ে তাঁর এক প্রতিদ্বন্দ্বী প্রশ্ন তোলায় তাঁর এই রেকর্ড নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। ৪৩ বছর বয়সী ওহর অন্নপূর্ণা আরোহণের দৃশ্য সরাসরি সম্প্রচার করে দক্ষিণ কোরিয়ার কেবিএস টেলিভিশন। অপর এক পেশাদার পর্বতারোহী টেলিভিশন ক্যামেরা নিয়ে তাঁর সঙ্গে সঙ্গে ওঠেন অন্নপূর্ণার শিখরে। পর্বত চূড়ায় পা রাখার পর ওহ সেখানে নিজের দেশের একটি পতাকা উড়িয়ে দেন। আট হাজার মিটারের বেশি উঁচু ১৪টি পর্বতারোহণে ওহর কাছাকাছি আছেন স্পেনের ইদুর্নে পাসাবান, অস্ট্রিয়ার গার্লিন্দে ক্যালটেনব্রুনার ও ইতালির নিভেস মেরোই।তাঁদের মধ্যে ওহর প্রধান প্রতিদ্বন্দ্বী পাসাবান চলতি মাসের প্রথম দিকে অন্নপূর্ণায় ওঠেন। এ নিয়ে তিনি উঠলেন ১৩টি চূড়ায়। বাকি আছে তাঁর একটি চূড়ায় ওঠা। সেটি হলো তিব্বতের শিসা পাগমা।ইতালির রিনহোল্ড মেজনার বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে আট হাজার মিটারের বেশি উঁচু ১৪টি চূড়ায় ওঠার কৃতিত্ব অর্জন করেন ১৯৮৬ সালে। এএফপি।