পর্যটকদের অভয় দিতে ৩৬০ ফুট নিচে মন্ত্রীর লাফ
পায়ে দড়ি বেঁধে ভিক্টোরিয়া জলপ্রপাতের ওপর থেকে লাফিয়ে পড়ার (বাঞ্জি জাম্প) পর দড়ি ছিঁড়ে পড়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার এক নারী পর্যটক। এ ঘটনার পর বাঞ্জি জাম্প তথা জাম্বিয়া পর্যটনে বিদেশিদের আস্থা ফেরাতে নিজেই লাফ দিয়েছেন দেশটির পর্যটনমন্ত্রী।নববর্ষের আগের রাতে ভিক্টোরিয়া জলপ্রপাতের ওপরের সেতু থেকে পায়ে দড়ি বেঁধে লাফিয়ে পড়েছিলেন অস্ট্রেলীয় নাগরিক ২২ বছর বয়সী এরিন ল্যাংওয়ার্দি। ৩৬০ ফুট ওপর থেকে লাফিয়ে পড়ার পর পায়ের সঙ্গে বাঁধা রাবারের দড়ি ছিঁড়ে গেলে তিনি জাম্বেজি নদীতে পড়ে যান। দড়িতে দুই পা একত্রে বাঁধা অবস্থাতেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন ল্যাংওয়ার্দি। কিন্তু তাঁর শরীরের নানা জায়গা বাজেভাবে কেটে-ছিঁড়ে যায় এবং কাঁধের হাড়ে চোট পান।দুর্ঘটনার ভিডিওচিত্রটি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এতে চিন্তিত হয়ে পড়ে জাম্বিয়া কর্তৃপক্ষ। কেননা, তাদের অর্থনীতির অন্যতম ভিত্তি পর্যটনশিল্প। এ অবস্থায় পর্যটকদের আস্থা ফেরাতে গত রোববার একই স্থানে নিজেই বাঞ্জি জাম্প দিয়েছেন জাম্বিয়ার পর্যটনমন্ত্রী গিভেন লুবিন্দা। বিবিসি, এএফপি।