পর্যটকদের আকৃষ্ট করতে উল্টো বাড়ি
ধরুন, কোনো বাড়িতে গিয়ে আপনি উল্টে গেছেন। উল্টো হয়ে হাঁটছেন, খাচ্ছেন, গোসল করছেন—তখন কেমন লাগবে বলুন তো? বাস্তবে এমন পরিস্থিতির মধ্যে হয়তো কাউকে পড়তে হবে না, তবে এমন উল্টো বাড়ি কিন্তু সত্যিই আছে। পর্যটকদের আকৃষ্ট করতে ড্রিক অস্টার নামের এক ব্যক্তির উদ্যোগে জার্মানির গেটর্ফের একটি চিড়িয়াখানায় নির্মাণ করা হয়েছে ওই উল্টো বাড়ি।ব্যতিক্রমী এ বাড়ির ছাদ রয়েছে নিচের দিকে। সেখানে পৃথকভাবে রান্নাঘর, শৌচাগার, ও শোবার ঘরও রয়েছে। স্থানীয় কাঠমিস্ত্রি গেরহার্ড মর্ডহস্ট, তাঁর সহযোগী জেসেলসে স্পেলেটস্টোবার ও ম্যানফ্রেড কোলাক্সরকে নিয়ে এ বাড়ি নির্মাণ করেন। গেরহার্ড বলেন, ‘এটা আমাদের জন্য ছিল বড় একটা চ্যালেঞ্জ। বিশেষ করে, শৌচাগারের শাওয়ারের মতো অনেক কিছুই স্থাপন করতে গিয়ে বেশ চালাকি করতে হয়েছে।’এ বাড়ির বিছানা, টেবিল, বিভিন্ন আসবাবপত্র ও ছবি ঝোলানোর জন্য ৫০টি স্ক্রু ব্যবহার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভারী আসবাবটি ছিল একটি ওয়ারড্রোব। এর ওজন ছিল ১০০ পাউন্ড।চলতি মাসের শেষ দিকে বিনিয়োগকারী ড্রিক অস্টার এ উল্টো বাড়ি উদ্বোধন করবেন। পরে তা পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। সূত্র: অ্যানানোভা।