পর্যটকবাহী গাড়ি বাঘে টেনে নেওয়ার ভিডিও ভাইরাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে রাস্তায় থামিয়ে রাখা পর্যটকবাহী একটি গাড়ি বাঘে টেনে নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি টুইটারে পোস্ট করেছিলেন দেশটির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্রর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্র। ভিডিওতে দেখা যায়, গাড়ির পেছন দিক কামড়ে ধরার চেষ্টা করছে বাঘটি। একপর্যায়ে দাঁত বসিয়ে গাড়িটি পেছন দিকে টেনে নিতে দেখা যায় বাঘটিকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম শনিবার এক প্রতিবেদনে বলে, তামিলনাড়ুর থেপ্পাকাড়ুর কাছের একটি সড়কে ঘটনাটি ঘটে। ভিডিওটি টুইটারে পোস্ট করার পর প্রায় পাঁচ লাখ বার দেখা হয়েছে। ভিডিওতে ২৬ হাজারের বেশি লাইক পড়েছে।

ঘটনাটি নিয়ে মতামত দিয়েছেন অনেকে। কেউ কেউ গাড়ির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন, আরেক পক্ষ বাঘের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে।

দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, একটি মাহিন্দ্র এসইউভিতে পর্যটকেরা বসে আছেন। একটি বাঘ গাড়ির পেছনের বাম্পারে দাঁত বসিয়ে তার শক্তি দেখানোর চেষ্টা করছে। একপর্যায়ে গাড়িটিকে পেছন দিকে টেনে নিয়ে যায় বাঘটি।