পর্যবেক্ষকদের মেয়াদ আরেক মাস বাড়াতে সম্মত সিরিয়া
আরব লিগের পর্যবেক্ষকদের আরও এক মাস মিশন পরিচলনা করতে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে সিরিয়া। আরব লিগের কর্মকর্তারা এর আগে সতর্ক করে দিয়ে বলেছিলেন, সিরিয়ার পক্ষ থেকে সম্মতি না পাওয়া গেলে পর্যবেক্ষকদের কার্যক্রম বুধবার থেকে গুটিয়ে নেওয়া হবে। তবে তেলসমৃদ্ধ উপসাগরীয় ছয়টি দেশের সংগঠন গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) গত মঙ্গলবার সিরিয়া থেকে তাদের পর্যবেক্ষক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আরব লিগের সিদ্ধান্ত বাস্তবায়নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে জিসিসি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে মঙ্গলবার বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়ালেম রাতে আরব লিগের মহাসচিব নাবিল আল-আরাবিকে চিঠি দিয়েছেন। চিঠিতে পর্যবেক্ষক মিশনের মেয়াদ আরেক মাস বাড়ানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানানো হয়েছে। এর ফলে পর্যবেক্ষকেরা আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিরিয়ায় অবস্থান করতে পারবেন।এর আগে পর্যবেক্ষকদের প্রতি আক্রমণাত্মক কথাবার্তা বলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুয়ালেম। দুই মাসের মধ্যে সিরিয়ায় ঐক্য সরকার গঠনের পথ প্রশস্ত করতে ভাইস প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরে পর্যবেক্ষকেরা প্রেসিডেন্ট বাশার-আল-আসাদকে আহ্বান জানানোর প্রেক্ষাপটে মুয়ালেম অভিযোগ তোলেন, আরব লিগ সিরীয় সংকটকে আন্তর্জাতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে মুয়ালেম বলেন, ‘যথেষ্ট হয়েছে। এখন থেকে আরব লিগের সমাধান আর নয়।’ তিনি আরও বলেন, সশস্ত্র বিদ্রোহীদের মোকাবিলা করা ছাড়া সিরিয়ার জন্য বিকল্প কোনো পথ খোলা নেই। সরকার মনে করে, দেশে সহিংসতার পেছনে বিদ্রোহীরাই দায়ী। রাশিয়া ও চীন সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব আটকে দিলেও নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সিরিয়ায় সহিংসতার ব্যাপারে আন্তর্জাতিক ভূমিকার বিষয়ে নিজেদের মধ্যের মতপার্থক্য দূর করতে চলতি সপ্তাহে মস্কোতে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে ‘খুবই গঠনমূলক’ আলোচনা হয়েছে। কূটনীতিকরা জানিয়েছেন, সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের নিন্দা এবং নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়ে নিরাপত্তা পরিষদে একটি নতুন প্রস্তাবে আগামী সপ্তাহে ভোটাভুটি করতে চায় ইউরোপীয় ইউনিয়ন ও আরব লিগ। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং আরব দেশগুলো নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে। নিরাপত্তা পরিষদ ও আরব দেশগুলোর কূটনীতিকেরা জানিয়েছেন, আগামী সোম বা মঙ্গলবার ভোটাভুটি হতে পারে। প্রসঙ্গত, সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে আরব লিগের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট আসাদ একটি শান্তিচুক্তি করেন। ওই চুক্তির কার্যকারিতা পর্যবেক্ষণে গত ডিসেম্বরে সংস্থাটির পর্যবেক্ষক দল সিরিয়ায় যায়। এএফপি।