সিরিয়াতে দায়িত্ব পালন করা নিরস্ত্র সামরিক পর্যবেক্ষকদের সংখ্যা কমিয়ে আনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার চেয়ে সিরিয়ার সংকট সমাধানে আরও জোরালোভাবে রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন তিনি।গত শুক্রবার নিরাপত্তা পরিষদকে দেওয়া এক প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের চেয়ে জাতিসংঘ মিশনের লক্ষ্য হওয়া উচিত, সংলাপের মাধ্যমে সংকট সমাধানের উপায় খুঁজে বের করা।তবে বান কি মুন হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, যদি সিরিয়ার নিরাপত্তা এবং রাজনৈতিক অবস্থা ‘অসমর্থনীয়’ পর্যায়ে চলে যায়, তাহলে জাতিসংঘ পর্যবেক্ষণ কার্যক্রম বন্ধের বিষয়টি বিবেচনা করবে।সিরিয়ায় বর্তমানে ৩০০ সদস্যের একটি শক্তিশালী পর্যবেক্ষকদল কাজ করছে। দলটির সব সদস্যই নিরস্ত্র সামরিক পর্যবেক্ষক। এ ছাড়া তাদের সহায়তা দিতে ১২০ জনেরও বেশি বেসামরিক কর্মকর্তা জাতিসংঘের অধীনে দায়িত্ব পালন করছেন।সিরিয়াবিষয়ক জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য সেখানে পর্যবেক্ষকদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সম্মতির ভিত্তিতে গত এপ্রিল মাসে ৯০ দিনের জন্য সেখানে পর্যবেক্ষকদল (ইউএনএসএমআইএস) পাঠানো হয়। তাঁদের কার্যক্রম শুরু হয় ২১ এপ্রিল। পর্যবেক্ষকদলের কার্যক্রমের মেয়াদ শেষ হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি আছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে নিরাপত্তা পরিষদকে পর্যবেক্ষকদলের কার্যক্রম বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সিরিয়ায় পর্যবেক্ষকদের কার্যক্রম বহাল থাকবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী বুধবার আাালোচনার তারিখ ঠিক করেছে নিরাপত্তা পরিষদ। আর এ নিয়ে পরিষদে ভোটাভুটি হওয়ার কথা ১৮ জুলাই। তবে প্রতিবেদনে বান কি মুন সামরিক পর্যবেক্ষকের সংখ্যা হ্রাসের কথা বললেও তা সম্পূর্ণ বাতিল করার বিষয়ে কোনো পরামর্শ দেননি। একই সঙ্গে তিনি পর্যবেক্ষণ কার্যক্রম সিরিয়ার রাজধানী দামেস্কে সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছেন। অবশ্য, গত ১৫ জুন থেকে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে জাতিসংঘ পর্যবেক্ষকদলের টহল কার্যক্রম স্থগিত রয়েছে। এ ছাড়া পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য স্থাপিত কয়েকটি আঞ্চলিক কার্যালয়ও ইতিমধ্যে গুটিয়ে নেওয়া হয়েছে। গত সপ্তাহে জাতিসংঘ পর্যবেক্ষকদলের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড হামা, ইদলিব এবং তারতাস এলাকার পর্যবেক্ষণ কার্যক্রম বন্ধের ঘোষণা দেন। সাম্প্রতিক সময়ে পর্যবেক্ষকেরা দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষকদের সংখ্যা সাময়িকভাবে কিছুদিনের জন্য কমিয়ে আনারও ঘোষণা দেন জেনারেল মুড।জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ায় দায়িত্ব পালন করা পর্যবেক্ষকদলের মধ্যে প্রায় ৫০টি দেশের প্রতিনিধি রয়েছেন। এসব দেশ নিজ নিজ নাগরিকদের (পর্যবেক্ষক) নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। এমনকি বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের পর্যবেক্ষণ কার্যক্রম থেকে প্রত্যাহারেরও ইঙ্গিত দিয়েছে। বিবিসি, এএফপি ও আইএএনএস।