যুক্তরাষ্ট্রের ১৩ বছরের কিশোর জর্ডান রোমেরো। গত শনিবার বাবার সঙ্গে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে সবচেয়ে কম বয়সে এভারেস্ট চূড়ায় ওঠার রেকর্ড গড়েছে। তবে এত কম বয়সে তাকে দুঃসাহসিক এই অভিযানে নিয়ে যাওয়ায় বিতর্ক শুরু হয়েছে। অনেক পর্বতারোহী বলছেন, জর্ডানকে এভারেস্ট শৃঙ্গে নিয়ে যাওয়ায় তার বাবা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছেন। গতকাল জর্ডানের বাবা পল রোমেরো তিব্বত থেকে নেপালে প্রবেশের সময় সাংবাদিকদের বলেন, ‘আমি অবিবেচকের মতো কোনো কাজ করিনি। পর্যাপ্ত প্রস্তুতির পর তাকে (জর্ডান) নিয়ে এভারেস্ট অভিযান শুরু করি।’ তিনি বলেন, ‘আমাদের অভিযান ছিল বিস্ময়কর। সব কিছুই ঠিকঠাক মতো হয়েছে।’জর্ডান রোমেরো সাংবাদিকদের বলেন, আমি যতটা কঠিন মনে করেছিলাম, এই অভিযান তার চেয়েও অনেক কঠিন ছিল। অভিযানের পরে হাঁটুতে ব্যথা হয়েছে বলে স্বীকারও করেছে সে।নেপাল ১৬ বছরের কম বয়সী কাউকে এভারেস্ট অভিযানে অংশ নেওয়ার অনুমতি দেয় না। তাই তিব্বত থেকে বাবার সঙ্গে ওই অভিযানে অংশ নেয় জর্ডান। এএফপি।