পল ম্যাকার্টনি লিজিয়ন অব অনার সম্মানে ভূষিত হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতশিল্পে অবদানের জন্য ব্রিটিশ তারকা স্যার পল ম্যাকার্টনিকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অব অনার-এ ভূষিত করা হয়েছে। গতকাল শনিবার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ প্যারিসে এলিসি প্রাসাদে এক অনুষ্ঠানে সাবেক এ বিটলস তারকাকে সম্মানিত করেন। পল ম্যাকার্টনি এর মাধ্যমে অভিনেতা ক্লিন্ট ইস্টউড এবং সংগীতশিল্পী বারবারা স্ট্রেইস্যান্ড ও লিজা মিনেলির কাতারে নাম লেখালেন। নিজ দেশ যুক্তরাজ্যে ১৯৯৭ সালে রানি তাঁকে নাইট ঘোষণা করলে ‘স্যার’ উপাধি পান তিনি।প্রতিক্রিয়ায় ৭০ বছর বয়সী পল ম্যাকার্টনি বলেন, ‘এ উপাধি পেয়ে আমি খুবই সম্মানিত।’ফরাসি সেনানায়ক ও সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ১৮০২ সালে লিজিয়ন অব অনার সম্মাননা প্রবর্তন করেন। নাইট, অফিসার, কমান্ডার, গ্র্যান্ড অফিসার ও গ্র্যান্ড ক্রস—এই পাঁচটি শ্রেণীতে এটি দেওয়া হয়। পল ম্যাকার্টনি হয়েছেন অফিসার।দ্য বিটলস ব্যান্ডের সদস্য হিসেবে খ্যাতি অর্জনের পর দীর্ঘ ও সফল সংগীত ক্যারিয়ার চালিয়ে যান ম্যাকার্টনি। তিনি সম্প্রতি লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। ম্যাকার্টনি ও আরেক বিটল জন লেনন ‘ইয়েস্টারডে’, ‘হেই জুড’ এবং ‘এ হার্ড ডেজ নাইটস’ ইত্যাদি হিট গানের স্রষ্টা। ১৯৭০ সালে বিটলস ভেঙে গেলে ম্যাকার্টনি একক শিল্পী হিসেবে কাজ করতে থাকেন। বিবিসি।