পশুর যক্ষ্মা মানুষের জন্য বড় হুমকি

পশুরা যে যক্ষ্মায় আক্রান্ত হয় মানুষের জন্য তা আগে যতটা ধারণা করা হয়েছিল, তার চেয়ে অনেক বড় হুমকি। শীর্ষস্থানীয় চিকিৎসক ও পশু চিকিৎসকেরা এ সতর্কবার্তা দিয়েছেন। তাঁরা বলেছেন, মানুষ যে যক্ষ্মায় আক্রান্ত হয়, পশুদের যক্ষ্মা তার চেয়ে আরও বেশি সাংঘাতিক এবং এই যক্ষ্মার চিকিৎসা করা কঠিন।
২০৩৫ সালের মধ্যে যক্ষ্মামুক্ত করার বৈশ্বিক ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তারাসহ বিশেষজ্ঞরা বলেছেন, পশুদের যক্ষ্মার বিষয়টি কয়েক দশক ধরে উপেক্ষা করা হয়েছে।
গবাদিপশুর অপাস্তুরিত বা কাঁচা দুধ পান করে সাধারণত মানুষ এই যক্ষ্মায় আক্রান্ত হয়। আক্রান্ত পশুর সংস্পর্শে আসা ব্যক্তিরাও এই যক্ষ্মায় আক্রান্ত হতে পারেন।
বক্ষব্যাধি ও যক্ষ্মা প্রতিরোধ নিয়ে কাজ করা সংগঠনের কর্মকর্তা ডা. ফ্রান্সিসকো আলিয়া-পোপেলকা বলেন, পশুদের যক্ষ্মায় আক্রান্তের হার এখন আগের চেয়ে অনেক বেশি। ধারণা অনুযায়ী, প্রতিবছর ১ লাখ ২১ হাজার পশু যক্ষ্মায় আক্রান্ত হয়। মানুষের যক্ষ্মায় আক্রান্তের হারের তুলনায় পশুদের আক্রান্তের এই হার অনেক কম। যক্ষ্মাকে বিশ্বের সবচেয়ে বড় প্রাণঘাতী রোগ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
আলিয়া-পোপেলকা বলেন, ‘আমি মনে করি, আমাদের সচেতন হওয়া উচিত। এটা আমাদের একটি জানা সমস্যা এবং কয়েক দশক ধরে এ বিষয়টি উপেক্ষিত। এই রোগ প্রতিরোধ ও নিরাময়যোগ্য। বর্তমানে কয়েক লাখ লোক এই রোগে ভুগছে। এই রোগে প্রতিবছর ১০ হাজার লোকের মৃত্যু হচ্ছে। এই রোগে মৃত্যুর হার অন্য অনেক রোগের তুলনায় বেশি।’ গবেষণায় দেখা গেছে, মেক্সিকোতে যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তিদের ২৮ শতাংশ পশুদের যক্ষ্মায় আক্রান্ত। এই হার ভারতে ৯ শতাংশ এবং ক্যালিফোর্নিয়ায় ৪৫ শতাংশ।
পশুদের যক্ষ্মার জন্য দায়ী মাইকোব্যাকটেরিয়াম বভিস। এই ব্যাকটেরিয়া মানুষ যে যক্ষ্মায় আক্রান্ত হয় তার থেকে আলাদা। মানুষের যক্ষ্মার জন্য দায়ী মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া। মানুষ যে যক্ষ্মায় আক্রান্ত হয় সেটি নিরাময়ের প্রধান ওষুধ পিরাজিনামাইড। প্রকৃতিগতভাবেই মাইকোব্যাকটেরিয়াম বভিসের পিরাজিনামাইড প্রতিরোধী ক্ষমতা রয়েছে। ফলে পিরাজিনামাইডে পশুর যক্ষ্মা সারে না।
আলিয়া-পোপেলকা বলেন, পশুরা যে যক্ষ্মায় আক্রান্ত হয় তার হাত থেকে রক্ষা পাওয়ার মূল কৌশল হলো পশুদের ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ করা, পাস্তুরিত দুধ পান করা এবং খামারি, কসাই, পশু চিকিৎসক তথা পশুদের নিয়ে কাজ করা ব্যক্তিদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ।