পশ্চিম আফ্রিকায় খরা ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার সাহিল অঞ্চলে খরার ফলে এক কোটি ৩০ লাখ মানুষ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। খরা মোকাবিলায় এখনই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।অক্সফাম জানায়, পূর্ব আফ্রিকায় গত বছর দুর্ভিক্ষ দেখা দিলেও আন্তর্জাতিক সমপ্রদায় অনেক দেরিতে সাহায্য করে। এবারের খরায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষকে সহযোগিতা করতে তিন কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সহায়তা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে অক্সফাম।বিবিসির এক সাংবাদিক জানিয়েছেন, মালির দক্ষিণাঞ্চলে সংঘাতের ফলে লোকজন সেখান থেকে পালাতে শুরু করায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে।অক্সফাম জানিয়েছে, খরা ও দুর্ভিক্ষের কারণে শাদ, বারকিনো ফাসো, মালি, মৌরিতানিয়া, নাইজার ও সেনেগালের উত্তরাঞ্চলে ১০ থেকে ১৫ শতাংশ মানুষ অপুষ্টির শিকার হয়েছে এবং কোনো কোনো এলাকায় এই হার ১৫ শতাংশের ওপরে উঠে গেছে। এ ছাড়া সাহিল অঞ্চলে ১০ লাখের বেশি শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে।শাদের কোনো কোনো অংশে ক্ষুধার্ত মানুষ পিঁপড়ার বাসা খুঁড়ে সেখানে পিঁপড়ার জমানো খাদ্যশস্য সংগ্রহ করছে বলে জানিয়েছে অক্সফাম। খরা, খাদ্যের উচ্চমূল্য, ভয়াবহ দারিদ্র্য এবং আঞ্চলিক সংঘাত পরিস্থিতি আরও সংকটজনক করে তুলছে।পশ্চিম আফ্রিকায় অক্সফামের আঞ্চলিক পরিচালক মামাদু বিতায়ে বলেন, বড় শহরগুলোতে লাখ লাখ মানুষ চরম দুরবস্থার মধ্যে পড়েছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, শিগগির কিছু করতে না পারলে এই খরা থেকে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। বিশ্ব সমপ্রদায় এটা হতে দিতে পারে না। হাজার হাজার মানুষের এই মৃত্যু ঠেকাতে একটি সমন্বিত সহায়তা পরিকল্পনা নেওয়া প্রয়োজন। এএফপি।