পশ্চিম গোলার্ধে দীর্ঘতম আর্কবিশিষ্ট সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মাইক ও’ কালাহান-প্যাট টিলম্যান মেমোরিয়াল ব্রিজ এ মাসে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এটি পশ্চিম গোলার্ধে দীর্ঘতম আর্ক বা ধনুকাকৃতি খিলানবিশিষ্ট সেতু। সেতুটি অ্যারিজোনা ও নেভাডা অঙ্গরাজ্যকে যুক্ত করেছে। কলোরাডো নদীর ওপর নির্মিত এই সেতুটি এক হাজার ৯০০ ফুট দীর্ঘ এবং নদী থেকে ৮৯০ ফুট উঁচুতে অবস্থিত।এটি বিশ্বের সপ্তম সর্বোচ্চ সেতু। এর চেয়ে উঁচু ছয়টি সেতুর মধ্যে চীনে চারটি, পাপুয়া নিউগিনিতে একটি ও যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি অবস্থিত। মাইক ও’ কালাহান-প্যাট টিলম্যান মেমোরিয়াল ব্রিজ যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা প্রযুক্তিগত অর্জন। এ রকম আরেকটি প্রযুক্তিগত বড় নিদর্শন হচ্ছে হুভার ড্যাম। এই বাঁধের কাছেই সেতুটি নির্মাণ করা হয়েছে। কলোরাডো নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় এই বাঁধের মাধ্যমে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুটি নির্মাণের ফলে বাঁধের ওপরের রাস্তায় যান চলাচলের চাপ কমবে।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় মহাসড়ক প্রশাসনের এই সেতু নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপক ডেভ জ্যানাটেল বলেন, ‘হুভার ড্যাম যুক্তরাষ্ট্রের ইতিহাসে সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরকৌশলের ক্ষেত্রে সবচেয়ে বড় অর্জন। এই অর্জনকে খাটো করার কোনো উদ্দেশ্য নেই আমাদের। বরং এর প্রতি সম্মান রেখেই এই প্রজন্মে একটি বড় কিছু নির্মাণের চেষ্টা করেছি আমরা, যা এই বাঁধটির ঐতিহ্যের সুনামের পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে।’দীর্ঘ এই সেতুটি নির্মাণ করতে সময় লেগেছে পাঁচ বছর। খরচ হয়েছে ২৪ কোটি ডলার। এক হাজার ২০০ শ্রমিক ও ৩০০ প্রকৌশলী এই সেতু নির্মাণে কাজ করেন। এএফপি।