পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের বন্দুকযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ তিন কিশোরকে উদ্ধারে গতকাল বৃহস্পতিবার সপ্তম দিনের মতো ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী৷ এ সময় ফিলিস্তিনিদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়েছে৷ খবর রয়টার্সের৷
হাসপাতালের কর্মকর্তারা জানান, জেনিন এলাকায় সংঘর্ষে তিনি ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন৷ জেনিন জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত৷
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, এক সপ্তাহ আগে পশ্চিত তীর থেকে অপহরণের শিকার তিন ইসরায়েলি কিশোরের সন্ধানে সেনারা জেনিন এলাকায় ঢোকে৷ এ সময় প্রায় ৩০০ ফিলিস্তিনি সেনাদের বাধা দেয়৷ কিছু লোক ‘বিস্ফোরক নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে’৷ জবাবে সেনারা ওই ব্যক্তিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়৷ এ ছাড়া ৩০ জন ‘সন্দেহভাজনকে’ পশ্চিম তীর থেকে আটক করা হয়েছে৷ এ নিয়ে গত এক সপ্তাহে গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনির সংখ্যা দাঁড়াল ২৮০৷
ইসরায়েল অভিযোগ করছে, গাজাভিত্তিক ইসলামপন্থী সংগঠন হামাস ওই তিন কিশোরকে অপহরণ করেছে৷ তবে হামাস অভিযোগ অস্বীকার করেছে৷
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার অপহরণের নিন্দা জানানোর পাশাপাশি দোষী ব্যক্তিদের শাস্তির প্রতিশ্রুতি দেন৷ তবে হামাসসহ ১১টি ফিলিস্তিনি সংগঠন হুমকি দিয়ে বলেছে, ইসরায়েলি অভিযানের মুখে তারা ‘হাতকড়া পরে বসে থাকবে না’৷