পশ্চিম তীরে তাঁবু গাড়া ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ
পশ্চিম তীরের সীমান্তবর্তী ‘স্পর্শকাতর এলাকায়’ তাঁবু গেড়ে অবস্থান নেওয়া ফিলিস্তিনিদের সরে যেতে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ইসরায়েল সরকার। ওই এলাকায় ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল শনিবার তাদের এই সময় বেঁধে দেওয়া হয় বলে একজন ফিলিস্তিনি সংগঠক জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, জেরুজালেমের পূর্বের আরব অংশ ও ইহুদি বসতি মালি আদুমিমের সংযোগস্থলে করিডরের কাছে ইহুদি বসতি স্থাপনের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। এর বিরোধিতা করে ফিলিস্তিনিরা গত শুক্রবার সেখানে তাঁবু গেড়ে অবস্থান নেন। দুই শতাধিক ফিলিস্তিনি বিক্ষোভকারী ২০টি তাঁবু গাড়েন। আবির কপটি নামের একজন বিক্ষোভকারী ও সংগঠক গতকাল শনিবার এএফপিকে বলেন, ইসরায়েলের সেনারা এসে তাঁবু গুটিয়ে নিয়ে সরে যাওয়ার জন্য তাঁদের এক ঘণ্টা সময় বেঁধে দেন। তবে তাঁরা সেখান থেকে স্বেচ্ছায় সরবেন না বলে জানিয়েছেন। এএফপি।