পশ্চিম তীরে স্থানীয় নির্বাচনে জয় দাবি ফাতাহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম তীরের স্থানীয় নির্বাচনে ফাতাহ জয়ী হয়েছে বলে দাবি করেছেন দলটির সমর্থকেরা। দক্ষিণাঞ্চলীয় হেবরন শহরে শনিবার রাত থেকেই তাঁরা বিজয়োল্লাস করছেন। গতকাল রোববার নির্বাচনের আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।গত শনিবার পশ্চিম তীরের ৩৫৪টি পৌরসভার মধ্যে ৯৩টিতে ভোট হয়। আর ১৭৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হন। বাকি ৮২টিতে আগামী ২৪ নভেম্বর ভোট হবে। ২০০৬ সালের সাধারণ নির্বাচনের পর পশ্চিম তীরে এটাই প্রথম নির্বাচন। হামাস এ নির্বাচন বর্জন করেছে।প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলন গতকাল এক বিবৃতিতে দাবি করেছে, তারা বেশির ভাগ পৌরসভা, শহর ও গ্রামে জয়ী হয়েছে। দলটির মুখপাত্র আহমাদ আসাফ বিবৃতিতে বলেন, ‘আমরা এই জয়কে ফাতাহর রাজনৈতিক কর্মসূচি এবং এর ভূমিকার প্রতি জনগণের রায় হিসেবে বিবেচনা করছি।’ভোট গ্রহণের পর পরই সেন্ট্রাল ইলেকশন্স কমিশনের (সিইসি) চেয়ারম্যান হান্না নাসির বলেন, যোগ্য পাঁচ লাখ পাঁচ হাজার ৬০০ ভোটারের মধ্যে দুই লাখ ৭৭ হাজার ভোট দিয়েছেন। ভোটার উপস্থিতি ছিল ৫৪ দশমিক ৮ শতাংশ। তিনি রামাল্লায় সাংবাদিকদের বলেন, খুবই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।২০০৬ সালের সাধারণ নির্বাচনে হামাস বিশাল ব্যবধানে জয়ী হয়েছিল। এ ছাড়া ২০০৫ সালের স্থানীয় নির্বাচনেও হামাস ভালো করেছিল। ওটাই ছিল হামাসের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথম অংশগ্রহণ। কিন্তু এবার ফাতাহর সঙ্গে সমঝোতা আলোচনা ভেস্তে যাওয়ায় তারা নির্বাচনে অংশ নেয়নি। হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেন, ফিলিস্তিনিদের জন্য নয়, এ নির্বাচন ফাতাহর জন্য। এএফপি।