পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি ও সংস্থাটির সদস্যপদের দাবির সমর্থনে গতকাল বুধবার পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হাজার হাজার ফিলিস্তিনি মিছিল ও সমাবেশ করেছে।১৯৬৭ সালের ‘ছয় দিনের যুদ্ধের’ আগের নির্ধারিত সীমানা অনুসারে জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সদস্যপদের জন্য প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামীকাল শুক্রবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে আবেদন জানাবেন। ওই আবেদনের প্রতি সংহতি জানাতেই পশ্চিম তীরে বড় ধরনের সমাবেশ করে ফিলিস্তিনিরা।ফিলিস্তিনের নিরাপত্তা বিভাগের মুখপাত্র আদনান দামিরি এএফপিকে বলেন, পশ্চিম তীরের রামাল্লা, হেবরন, নাবলুসসহ বিভিন্ন শহরে হাজার হাজার ফিলিস্তিনি জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের সমর্থনে মিছিল ও সমাবেশে অংশ নিয়েছে। এ উপলক্ষে গতকাল সেখানকার শহরে শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। লোকজন ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে রাস্তায় নামে।রামাল্লা শহরের প্রাণকেন্দ্রে জড়ো হওয়া জনতার উদ্দেশে সেখানকার গভর্নর লেইলা ঘানম বলেন, ‘আমাদের দাবি, বিশ্ব সম্প্রদায় আমাদের রাষ্ট্রকে স্বীকৃতি দিক। এটা সেই প্রতিজ্ঞার বাস্তব রূপ, যা বিশ্ববাসী ৬০ বছরেরও বেশি সময় আগে করেছিল।’রামাল্লা শহরের প্রধান সড়কগুলো গতকাল লোকারণ্য হয়ে পড়ে। শহরের মানারা চত্বর ‘ন্যাশনাল ক্যাম্পেইন ফর প্যালেস্টাইন: স্টেট ১৯৪’ লেখা পতাকায় ছেয়ে যায়। ‘জনগণ ফিলিস্তিনের স্বাধীনতা চায়’—স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রাখে উপস্থিত জনতা।নাবলুস শহরে জনতা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং সাবেক নেতা ইয়াসির আরাফাতের ছবি ও পতাকা নিয়ে মিছিল সহকারে শহরের কেন্দ্রস্থলের দিকে যাত্রা শুরু করে। সেখানে মুসলমানদের পাশাপাশি খ্রিষ্টান এবং সামারিতান যাজকেরাও অংশ নেন। একই ধরনের চিত্র দেখা যায় পুরোনো জেরিকো শহর, হেবরনসহ অন্যান্য শহরেও।আব্বাস ও নেতানিয়াহুর সঙ্গে ওবামার বৈঠক: ফিলিস্তিন-সংকট নিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পৃথকভাবে বৈঠক করার কথা।বৈঠকের ব্যাপারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক সহকারী উপদেষ্টা বেন রহডস বলেন, ফিলিস্তিন রাষ্ট্র অর্জনে জাতিসংঘে যাওয়াকে যুক্তরাষ্ট্র কেন সঠিক পথ মনে করে না, প্রেসিডেন্ট ওবামা তা উভয় নেতার কাছে সরাসরি ব্যাখ্যা করবেন। তিনি মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনকে রাষ্ট্র ঘোষণার জন্য জাতিসংঘের স্বীকৃতির দাবি থেকে সরে আসার আহ্বান জানাবেন। এএফপি ও বিবিসি