পশ্চিম তীরে ৩০০ নতুন বাড়ি নির্মাণের নির্দেশ নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার পশ্চিম তীরের ইহুদি বসতি বেইত এল-এ ৩০০ নতুন বাড়ি নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে দেশটির পার্লামেন্ট ইহুদি বসতির বৈধতার জন্য তোলা একটি বিল নাকচ করে দেয়।প্রধানমন্ত্রী নেতানিয়াহুও ওই বিলের বিরোধিতা করে বলেছেন, ‘উলপানায় ফিলিস্তিনিদের মালিকানাধীন ভূখণ্ডের ওপর নির্মিত ইহুদিদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, তা আমি সম্মান করি।’ তবে এই রায় নিয়ে সরকার ও ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে স্থাপিত ইহুদিদের বসতি অবৈধ; তবে ইসরায়েলে বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। ইসরায়েলের আইন অনুসারেও সেসব ইহুদি বসতি অবৈধ এবং ইসরায়েলি সরকার ২০০৩ সালের শান্তির রোডম্যাপ অনুসারে সেসব বসতি অপসারণে সম্মতিও দিয়েছে।সুপ্রিম কোর্টের একটি রুলিংয়ের পরিপ্রেক্ষিতে ইসরায়েল সরকার গত বছর ছয়টি ইহুদি বসতি সরানোর অঙ্গীকার করে। আদালতের পর্যবেক্ষণে দেখা গেছে, উলপানায় স্থাপিত পাঁচটি ইহুদি বসতি সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমির ওপর নির্মাণ করা হয়েছে।ওই বিলের বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটির আগে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারের কেউ বিলটিকে সমর্থন করলে তাঁকে বরখাস্ত করবেন। তিনি বলেন, উলপানায় ইহুদি বসতি স্থাপনকে বৈধতা দেওয়া হলে সেটা আন্তর্জাতিক সমালোচনাকে আরও উসকে দেবে। বিবিসি।