পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না মমতা
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন না। গত বুধবার দিল্লি যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তবে প্রতিদ্বন্দ্বিতা না করলেও নির্বাচনে তাঁর দল ক্ষমতায় এলে সরকারে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন তিনি।মমতা বলেন, ‘নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বিতা করাটা বাধ্যতামূলক নয়। আমি দেশের রেলমন্ত্রীএবং জনগণের প্রতি আমার কিছু অঙ্গীকার আছে। আমি সেগুলো পূরণ করার চেষ্টা করব।’মমতা আরও বলেন, নির্বাচনে যদি তাঁর দল ক্ষমতায় আসে, তবে তিনি উপনির্বাচন করে বিধানসভায় আসবেন। অর্থাৎ কংগ্রেস-তৃণমূল জোট নির্বাচনে জয়ী হলে মমতাই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন, এটা এখন পরিষ্কার। তিনি বলেন, ‘আমরা যদি ক্ষমতায় আসি, তবে অবশ্যই আমি সরকারে নেতৃত্ব দেব।’নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কারণ ব্যাখ্যা করে মমতা বলেন, নির্বাচনে তিনি দলের পক্ষে প্রচার চালানোর জন্য বেশি সময় দিতে আগ্রহী। নির্বাচনে অংশ নিলে তিনি দলের জন্য সময় দিতে পারবেন না। তিনি বলেন, ‘একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার চেয়ে রাজ্যের ২৯৪ আসনের প্রতি যত্নশীল হওয়াটাকে আমি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি।’ প্রার্থীদের তালিকা প্রকাশের ব্যাপারে তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগির ব্যাপারে আলাপ-আলোচনার পর শিগগির তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করবেন।এদিকে মমতার এ ঘোষণার পর বামফ্রন্টের নেতারা বলছেন, মমতার দল ক্ষমতায় যেতে পারবে না এটা বুঝতে পেরেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রেলমন্ত্রীর পদটি হারাতে চাইছেন না।সিপিআই (এম) নেতা আবাসনমন্ত্রী গৌতম দেব বলেছেন, ক্ষমতায় যেতে পারবেন না এটা বুঝতে পেরে মমতা আগেভাগেই জানিয়ে দিয়েছেন তাঁর সিদ্ধান্তের কথা। মমতাকে আরও তিন বছর রেলমন্ত্রীর পদে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় এলে নিশ্চয়ই তাঁকে রেলের বিভিন্ন প্রকল্প উন্নয়নের কাজে সাহায্য করব।’পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে ৬ দফায়। শুরু হবে ১৮ এপ্রিল, শেষ ১০ মে। ফলাফল ঘোষণা করা হবে ১৩ মে।