পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন ছত্রধর মাহাতো
ভারতের পশ্চিমবঙ্গের জঙ্গল মহলের মাওবাদী-সমর্থিত পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতো (৪৫) আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম আসনে প্রার্থী হচ্ছেন। খুন, দাঙ্গা-হাঙ্গামা, বিস্ফোরণ ঘটানো, সড়ক অবরোধসহ বিভিন্ন অভিযোগে করা মামলার আাাসামি তিনি। বর্তমানে তিনি মেদিনীপুরের কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।গত বুধবার নির্বাচনে অংশ নেওয়ার অনুমোদনের ব্যাপারে মাহাতোর পক্ষে আদালতে আবেদন করেন তাঁর আইনজীবী কৌশিক সিনহা। ঝাড়গ্রাম মহকুমার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শেখ মোহাম্মদ রেজা ওই আবেদন মঞ্জুর করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।ছত্রধর মাহাতো পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির নেতা হয়ে জঙ্গল মহলে সিপিএম ও পুলিশবিরোধী আন্দোলন গড়ে তোলেন। ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।