পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে গতকাল মঙ্গলবার রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল সিপিএমের বিধায়কদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় সিপিএমের দুই বিধায়ক আহত হন। এঁদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সিপিএমের তিন বিধায়ককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।পশ্চিমবঙ্গের ‘চিট ফান্ড’-এর বাড়বাড়ন্ত নিয়ে গতকাল অধিবেশনে বিরোধীদলীয় বিধায়কেরা মুলতবি প্রস্তাব আনতে চাইলে বিধানসভার স্পিকার তা খারিজ করে দেন। এর পরই শুরু হয় বাম বিধায়কদের সঙ্গে ক্ষমতাসীন দলের বিধায়কদের বাগিবতণ্ডা। একপর্যায়ে দুই পক্ষই হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় স্পিকার তিন বাম বিধায়ক: নজিমুল হক, শেখ আমজাদ হোসেন ও সুশান্ত বেওয়াকে বিধানসভা থেকে সাময়িক বহিষ্কার করেন। মুলতবি প্রস্তাব খারিজ হওয়ার পর বিধানসভার ওয়েলে নেমে বিরোধী বিধায়কেরা প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় তৃণমূল বিধায়কদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন বাম বিধায়ক দেবলীনা হেমব্রম ও গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। দেবলীনাকে চুল ধরে টেনেহিঁচড়ে মারধর করা হয়। মাথা ফাটিয়ে দেওয়া হয় গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের। গৌরাঙ্গ চট্টোপাধ্যায়কে পরে হাসপাতালে ভর্তি করা হয়। বিরোধী দলের নেতা সূর্যকান্ত মিশ্র পরে সাংবাদিকদের জানান, রাজ্যে প্রায় ৬০টির বেশি চিট ফান্ড হাজার হাজার কোটি টাকা তুলে ব্যবসা করছে। এতে রাজ্যের লাখ লাখ পরিবার নিঃস্ব হচ্ছে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।এ ঘটনায় কংগ্রেস নেতা মানস ভূঁইয়ার নেতৃত্বে দলটির বিধায়কেরা বিকেলে রাজভবনে ছুটে যান। তাঁরা বিধানসভার অধিবেশনও বয়কট করেন। তাঁরা সরকারি দলের ন্যক্কারজনক ভূমিকার নিন্দা জানিয়ে রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে অভিযোগ করেন। পরে বাম বিধায়কেরাও রাজ্যপালের সঙ্গে দেখা করেন। বিরোধী দল বিধানসভার ইতিহাসে গতকালের দিনটিকে একটি কালোদিন হিসেবে চিহ্নিত করেছে।