পশ্চিমবঙ্গ সরকার থেকে সরতে পারেন কংগ্রেসের মন্ত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেসের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ইউপিএ সরকারের শরিক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্র থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্যসরকার ত্যাগের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। কাল শুক্রবার বেলা তিনটায় কেন্দ্রীয় ইউপিএ সরকারের মন্ত্রিসভায় থাকা তৃণমূল কংগ্রেসের একজন পূর্ণ মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিতে পারেন। তাঁরা হলেন: রেলমন্ত্রী মুকুল রায়, প্রতিমন্ত্রী সৌগত রায়, শিশির অধিকারী, সুলতান আহমেদ, চৌধুরী মোহন জাটুয়া ও সুদীপ বন্দ্যোপাধ্যায়।কংগ্রেস সূত্রে জানা গেছে, কাল শুক্রবার তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর তাঁদেরও রাজ্যসরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার ঘোষণা আসতে পারে। কংগ্রেসে ঊর্ধ্বতন পর্যায় থেকে তাঁরা নির্দেশনা পাওয়ার অপেক্ষায় আছেন। পশ্চিমবঙ্গের রাজ্যসরকারে আছেন কংগ্রেসদলীয় দুই মন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রী। তাঁরা হলেন: সেচমন্ত্রী মানস ভূঁইয়া এবং মৎস্যমন্ত্রী আবু হেনা। প্রতিমন্ত্রীরা হলেন: আবু নাসের খান চৌধুরী, সাবিনা ইয়াসমীন, সুনীল তিরকে ও প্রমথনাথ রায়। এর আগে কংগ্রেসদলীয় প্রতিমন্ত্রী মনোজ চক্রবর্তী মমতার সঙ্গে বিবাদে জড়িয়ে পদত্যাগ করেন।