পশ্চিমবঙ্গকে ধ্বংসের পথে নিয়ে গেছে বামফ্রন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে একহাত নিলেন শাসক জোট বামফ্রন্টকে। বললেন, ৩৪ বছর শাসন করে পশ্চিমবঙ্গকে ধ্বংসের পথে নিয়ে গেছে বামফ্রন্ট। এখন পশ্চিমবঙ্গকে রক্ষার জন্য কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থীদের জয়ী করতে হবে। গতকাল বুধবার দুপুরে সোনিয়া গান্ধী পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটির হরিপ্রসাদ হাইস্কুল ময়দানে আয়োজিত এক জনসভায় এ কথা বলেন। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা ও ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। অভিজিতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরোয়ার্ড ব্লকের দীপক চ্যাটার্জি।গতকালের এই জনসভায় জোটের শরিক মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি বা তাঁর দলের কেউ এই জনসভায় যোগ দেননি। তবে প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গের দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় কংগ্রেস নেতা শাকিল আহমেদ, প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভূঁইয়া প্রমুখ জনসভায় উপস্থিত ছিলেন।সোনিয়া গান্ধী বলেন, ৩৪ বছর একটানা ক্ষমতায় থেকে এ রাজ্যে কোনোই উন্নয়ন করেনি বামফ্রন্ট। কেন্দ্রীয় সরকার প্রচুর আর্থিক অনুদান দিলেও তা খরচ করেনি পশ্চিমবঙ্গ সরকার। ভেঙে পড়েছে এ রাজ্যের কর্মসংস্কৃতি। বেকারত্বের সমস্যায় এ রাজ্যের তরুণ সমাজ বিপর্যস্ত। তারা চাকরি পাচ্ছে না। কৃষক-শ্রমিকদের অবস্থা আরও করুণ। অভাবের মধ্যে দুঃসহ জীবন যাপন করছেন তাঁরা। গৃহহীন হয়েছে বহু মানুষ। অথচ গরিবের সমব্যথী দাবি করে আজ ৩৪ বছর পশ্চিমবঙ্গ শাসন করছে বামফ্রন্ট, কিন্তু উন্নতি হয়নি গরিবের।সোনিয়া বলেন, আজ মাওবাদীরা দেশের বড় সমস্যা। এ সমস্যা দূর করার জন্য মাওবাদীবিরোধী অভিযানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সাহায্য করে আসছে। তিনি বলেন, এ রাজ্যে মাওবাদী সমস্যা সমাধানের জন্য দ্রুত উন্নয়ন জরুরি। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে প্রচুর অর্থ দিয়ে সাহায্য করছে কেন্দ্রীয় সরকার, কিন্তু উন্নতি হচ্ছে না। তিনি প্রশ্ন করেন, কোথায় গেল সেই অর্থ? সোনিয়া বলেন, রাজ্যের এই দুরবস্থার জন্য দায়ী বামফ্রন্ট সরকার।সোনিয়া গান্ধী ইউপিএ সরকারের প্রশংসা করে বলেন, এই সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য নানা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। দেশে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। কেন্দ্রীয় সরকার মওকুফ করে দিয়েছে গোটা দেশের কৃষি ঋণ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সোনিয়া গান্ধী পশ্চিমবঙ্গের বাম শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। বলেন, একমাত্র কংগ্রেস-তৃণমূলের জোট সরকারই রাজ্যে উন্নয়নের সুফল বয়ে আনতে পারবে। এর আগে ১৫ এপ্রিল সোনিয়া পশ্চিমবঙ্গে প্রথম দফায় নির্বাচনী প্রচারে আসেন জলপাইগুড়ি ও মালদহে। যোগ দেন তিনটি জনসভায়।মনোনয়নপত্র জমা দিলেন ছত্রধরপশ্চিমবঙ্গের মাওবাদী-অধ্যুষিত জঙ্গলমহলের পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতো বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মঙ্গলবার ঝাড়গ্রাম মহকুমা প্রশাসকের দপ্তরে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ঝাড়গ্রাম আসনে লড়বেন।এদিন কারাবন্দী ছত্রধরকে পুলিশি প্রহরায় মেদিনীপুরের কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয় মনোনয়নপত্র দাখিলের জন্য। ছত্রধর বলেছেন, তিনি যে মাওবাদীদের সঙ্গে যুক্ত নন, তা প্রমাণের জন্যই এবার নির্বাচনে লড়ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কয়েক হাজার মানুষ ছত্রধরের পক্ষে ঝাড়গ্রাম শহরে মিছিল করে। মিছিলের অগ্রভাবে ছিলেন ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাতো।ছত্রধর মাহাতো মাওবাদীদের ছত্রচ্ছায়ায় গঠিত পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির নেতা হয়ে জঙ্গলমহলে সিপিএম ও পুলিশবিরোধী আন্দোলন গড়ে তোলেন। ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে খুন, অপহরণ, দাঙ্গা-হাঙ্গামা, সড়ক অবরোধ, বিস্ফোরণ ঘটানোসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।