পশ্চিমবঙ্গকে বাম-শাসনমুক্ত করার আহ্বান সোনিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে বামদের শাসন থেকে রক্ষায় আসন্ন বিধানসভার নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোট প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেসের দলপ্রধান সোনিয়া গান্ধী ও দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। গতকাল শুক্রবার নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে আসেন সোনিয়া ও রাহুল। শুক্রবার সকালে সোনিয়া জলপাইগুড়িতে এক জনসভায় ভাষণ দেন। পরে রতুয়া ও ইংলিশ বাজারের আরও দুটি জনসভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।জলপাইগুড়িতে কংগ্রেস আহূত জনসভায় সোনিয়া বলেন, দেশের সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য পশ্চিমবঙ্গ। ৩৪ বছর বামফ্রন্টের শাসনে এ রাজ্যের গরিব আরও গরিব হয়েছে। রাজ্যের বামফ্রন্ট সরকার কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থও যথাযথ খাতে খরচে ব্যর্থ হয়েছে। তাই এবার সময় এসেছে, এখানকার বামফ্রন্ট সরকারকে বদলের। এ রাজ্যকে বামফ্রন্টের শাসন থেকে বাঁচাতে তাই কংগ্রেস-তৃণমূল জোট প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।জলপাইগুড়ির এ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ও অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং কংগ্রেসের রাজ্য সভাপতি মানস ভূঁইয়া। সোনিয়া গান্ধীর জলপাইগুড়ির পর রতুয়া ও ইংলিশ বাজারে আরও দুটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। কংগ্রেস-তৃণমূল কংগ্রেস নির্বাচনী জোট করে লড়লেও সোনিয়ার এ জনসভায় মমতা বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা উপস্থিত ছিলেন না।সোনিয়া-তনয় ও কংগ্রেসের কেন্দ্রীয় সম্পাদক রাহুল গান্ধীও গত বৃহস্পতিবার প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আসেন। শিলিগুড়ির নকশালবাড়ী-মালবাজার, মালদহের মোখাবাড়ী এবং মুর্শিদাবাদের ডোমকলে তিনি চারটি জনসভায় ভাষণ দেন। এসব জনসভায় রাহুল গান্ধী বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস-তৃণমূল জোট সরকার এবার ক্ষমতায় আসছে। এত দিনে পশ্চিমবঙ্গের অপশাসন-ব্যবস্থা বিদায় হবে।ক্ষমতার পালাবদল হচ্ছে পশ্চিমবঙ্গে: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে এবার ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে। বিদায় নিচ্ছেন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা ও এসি নিয়েলসনের সর্বশেষ সমীক্ষায় উঠে এসেছে এই চিত্র। এই সমীক্ষা করা হয় গত ২৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত। সমীক্ষায় বলা হয়, ২৯৪ আসনের বিধানসভায় মমতার নেতৃত্বাধীন কংগ্রেস-তৃণমূল জোট পাবে ২১৫ আসন। এর মধ্যে ৪৫টি আসন পাবে কংগ্রেস ও ১৭০টি পাবে তৃণমূল কংগ্রেস। বামফ্রন্ট পাবে ৭৪ আসন। উল্লেখ্য, ১৮ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হবে।