পশ্চিমবঙ্গে আজ দ্বিতীয় দফা ভোট গ্রহণ
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণ আজ ২৩ এপ্রিল শনিবার। মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূম—এই তিন জেলার ৫০টি আসনে ভোট নেওয়া হবে। মুর্শিদাবাদে ২২টি, নদীয়ায় ১৭টি এবং বীরভূমে ১১টি আসন রয়েছে।নির্বাচনে ২৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মহিলা প্রার্থী ২৭ জন। বামফ্রন্ট ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৫০টি আসনেই লড়ছে। তৃণমূল কংগ্রেস ২৯টি ও কংগ্রেস ২১টি আসনে প্রার্থী দিয়েছে। মুর্শিদাবাদ ও নদীয়ায় কংগ্রেসের চারজন করে আটজন নেতা দল থেকে মনোনয়ন না পেয়ে নির্দলীয় প্রার্থী হিসেবে লড়ছেন।নির্বাচনে মোট ভোটার ৯৩ লাখ ৩৩ হাজার ৫২৩ জন। ১১ হাজার ৫৩১টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হবে। তিন জেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আধা সামরিক বাহিনীর চার হাজার ৮০০ সদস্য মোতায়েন করা হয়েছে।নির্বাচনে বীরভূমের নলহাটি কেন্দ্রে কংগ্রেসের টিকিটে লড়ছেন প্রবীণ কংগ্রেস নেতা কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রে লড়ছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী আনিসুর রহমান।বৃহস্পতিবার অভিজিৎ মুখোপাধ্যায়ের প্রচারে নলহাটিতে যান ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিলের ছেলে ও মহারাষ্ট্রের অমরাবতীর বিধায়ক রাজেন্দ্র সিং শেখাওয়াত।তিন জেলার বিজেপি প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে বৃহস্পতিবার বীরভূমের ময়ূরেশ্বর ও নদীয়ার নাকাশিপাড়ায় যান দলের নেতা লালকৃষ্ণ আদভানি। নদীয়ার ধুবুলিয়ায় যান বিজেপির কেন্দ্রীয় সভাপতি নিতিন গড়কারী।৪৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা: কলকাতার ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় দেওয়া হলফনামা পর্যালোচনা করে এক প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়, এসব প্রার্থীর মধ্যে ৪৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ৩৩ জনের বিরুদ্ধে রয়েছে হত্যা, হত্যার চেষ্টা, অপহরণ, চুরির মতো অপরাধের অভিযোগ।প্রার্থীদের মধ্যে ১৭২ জন আয়কর রিটার্ন জমা দেন না। একজন প্রার্থী নিরক্ষর। পঞ্চম শ্রেণীর গণ্ডি পার হতে পারেননি নয়জন। অষ্টম শ্রেণী উত্তীর্ণ প্রার্থী ৩৯ জন। আর মাধ্যমিক পাস ৪৩ জন।প্রার্থীদের মধ্যে কোটিপতি রয়েছেন নয়জন। সাতজন প্রার্থী রয়েছেন, যাঁরা ৩৪ লাখ থেকে এক কোটি ১৮ লাখ রুপি পর্যন্ত দেনা নিয়ে নির্বাচনে লড়ছেন।