পশ্চিমবঙ্গে আজ ১৮৮ প্রার্থীর ভাগ্যপরীক্ষা

ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফায় আজ সোমবার পশ্চিমবঙ্গে ভোট নেওয়া হচ্ছে ১৭টি আসনে। এই ১৭ আসনে প্রার্থী রয়েছেন ১৮৮ জন। প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন জনপ্রিয় তারকাও আছেন। সকাল সাতটা থেকে তাঁদের ভাগ্যপরীক্ষা শুরু হয়েছে।
এবার সব আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট ও বিজেপি। আজ ভোট দিচ্ছেন দুই কোটি ৫৫ লাখ ৭৫ হাজার ৭৪৩ জন ভোটার। ভোট নেওয়া হচ্ছে ৩১ হাজার ৩৯২টি বুথে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৫৫০ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
পশ্চিমবঙ্গের ১৭ আসন: কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ডহারবার, জয়নগর, মথুরাপুর, বারাকপুর, দমদম, বারাসাত, বসিরহাট, বনগাঁ, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, ঘাটাল, কাঁথি ও তমলুক আসনে আজ ভোট হচ্ছে। এর আগে গত ১৭ এপ্রিল প্রথম দফায় চারটি, ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় ছয়টি, ৩০ এপ্রিল তৃতীয় দফায় নয়টি এবং ৭ মে চতুর্থ দফায় ছয়টি আসনে নির্বাচন হয়। পশ্চিমবঙ্গে লোকসভার আসন ৪২টি।
২০০৯ সালের নির্বাচনে এই ১৭ আসনের মধ্যে ১৪টিতেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। আর একটি করে আসনে জিতেছিল বামফ্রন্ট, কংগ্রেস ও নির্দলীয় প্রার্থী।
এবার এই নির্বাচনে ভাগ্য নির্ধারিত হবে বেশ কজন তারকার। তাঁরা হলেন কলকাতার অভিনেতা দেব, তাপস পাল, সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন, জাদুকর পিসি সরকার (জুনিয়র)। এ ছাড়া রয়েছেন জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী, বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা, নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাতি ইতিহাসবিদ সুগত বসু, সমাজসেবী শুভাশিনী আলি, কংগ্রেস নেতা সোমেন মিত্র প্রমুখ।
তৃণমূলের টিকিটে দেব দাঁড়িয়েছেন ঘাটাল আসনে। লড়ছেন বামফ্রন্ট প্রার্থী সন্তোষ কুমার রানার বিপক্ষে। তাপস পালও তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন কৃষ্ণনগর আসনে। সেখানে তিনি লড়ছেন বিজেপি প্রার্থী সত্যব্রত মুখার্জি ও বামফ্রন্ট প্রার্থী শান্তনু ঝাঁর সঙ্গে। ইন্দ্রনীল সেন তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন বহরমপুর আসনে। তিনি লড়ছেন কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে। এই লড়াইয়ে থাকছেন বামফ্রন্ট প্রার্থী প্রমথেশ মুখোপাধ্যায়ও।
জাদুকর পিসি সরকার বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন বারাসাত কেন্দ্রে। তিনি লড়ছেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ও বামফ্রন্ট প্রার্থী মোর্তজা হোসেনের সঙ্গে।
বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা দাঁড়িয়েছেন কলকাতা উত্তর আসনে। এখানে তিনি লড়ছেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস প্রার্থী সোমেন মিত্র এবং বামফ্রন্ট প্রার্থী রূপা বাগচির সঙ্গে।
এ ছাড়া কলকাতা দক্ষিণ আসনে বিজেপির সাবেক রাজ্য সভাপতি তথাগত রায়ের সঙ্গে লড়াই হচ্ছে তৃণমূলের সুব্রত বক্সী ও বামফ্রন্টের নন্দিনী মুখোপাধ্যায়ের।
যাদবপুরে লড়াই হচ্ছে নেতাজি সুভাষ বসুর নাতি ও তৃণমূল প্রার্থী সুগত বসুর সঙ্গে বামফ্রন্টের সুজন চক্রবর্তীর। ডায়মন্ডহারবার আসনে মমতার ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই হচ্ছে বামফ্রন্টের আবুল হাসনাতের।
দমদম আসনে ত্রিমুখী লড়াই হচ্ছে তৃণমূলের সৌগত রায়, বিজেপির তপন সিকদার এবং বামফ্রন্টের অসীম দাসগুপ্তের মধ্যে।
বারাকপুরে তৃণমূলের দীনেশ ত্রিবেদী লড়ছেন বামফ্রন্টের প্রার্থী শুভাশিনী আলির সঙ্গে। বসিরহাটে তীব্র লড়াই হচ্ছে বামফ্রন্ট প্রার্থী নুরুল হুদার সঙ্গে তৃণমূলের ইদ্রিস আলির। তমলুকে লড়াই হচ্ছে তৃণমূলের শুভেন্দু অধিকারীর সঙ্গে বামফ্রন্টের শেখ ইব্রাহিম আলির এবং বনগাঁ ত্রিমুখী লড়াই হচ্ছে তৃণমূল প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুরের সঙ্গে বামফ্রন্ট প্রার্থী দেবেশ দাস এবং বিজেপি প্রার্থী কে ডি বিশ্বাসের।