পশ্চিমবঙ্গে আসন কমতে পারে তৃণমূলের
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে লড়লে ৪২ আসনের মধ্যে ২৫টিতে জিততে পারে। পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে গোয়েন্দাদের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
আজ বুধবার পশ্চিমবঙ্গের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে বাম দলকে রাজ্য থেকে হটাতে তৃণমূল আসন ভাগাভাগি করতে পারে কংগ্রেসের সঙ্গে। আর যদি তাই হয়, তবে কংগ্রেস ও তৃণমূলের আসন বাড়বে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেশ করা এই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির ৫-৬ শতাংশ ভোট থাকলেও নরেন্দ্র মোদি প্রার্থী হাওয়ায় সেই ভোট বেড়ে যেতে পারে ১১-১৫ শতাংশে। এটা হলে ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল। কারণ, এই ভোটের সবটাই বামবিরোধী হিসেবে পরিচিত।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গে এখন ৩২-৩৩ শতাংশ ভোট রয়েছে বাম দলের। আসন্ন লোকসভা নির্বাচনে সেই ভোট কমার কোনো লক্ষণ নেই। তৃণমূলের রয়েছে ৪০-৪৩ শতাংশ ভোট। বিজেপির উত্থানে সেই ভোট কিছুটা হলেও কমতে পারে শাসক দলের। কংগ্রেস ঘাঁটিতে এবার মোদি প্রার্থী হাওয়ায় কমে যেতে পারে কংগ্রেসের ভোটও। সে ক্ষেত্রে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ে বাড়তি সুবিধাও পেতে পারে বাম দল। এককভাবে লড়লে কংগ্রেসের ঝুড়িতে যেতে পারে মাত্র দুটি আসন। এ কারণে কংগ্রেসের ছয়টি আসন টিকিয়ে রাখতে এবং তৃণমূলের ভোট বাড়াতে শেষ পর্যন্ত কংগ্রেস ও তৃণমূল যেতে পারে নির্বাচনী আসন ভাগাভাগিতে।