পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্ত আজ সোমবার বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ।
আজ একটি জনস্বার্থ মামলার শুনানি শেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় ও বিচারপতি শ্রীবাস্তবের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় দেন।
আদালত জানান, রাজ্য সরকারের ইমাম ভাতা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ও অসাংবিধানিক। এর কোনো সাংবিধানিক বা আইনি বৈধতা নেই। এটা জনস্বার্থও নয়। জনস্বার্থের দোহাই দিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বৈধ নয়।
২০১২ সালের ৯ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা দেন। ওই ঘোষণায় বলা হয়, ইমামরা প্রতি মাসে দুই হাজার ও মুয়াজ্জিনরা এক হাজার রুপি করে ভাতা পাবেন। এই লক্ষ্যে সরকার একটি বিজ্ঞপ্তিও জারি করে। কিন্তু ওই বিজ্ঞপ্তির কোনো আইনি বা সাংবিধানিক বৈধতা ছিল না। এ কারণেই ওই সিদ্ধান্ত খারিজ করে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, সরকারি অধ্যাদেশ ছাড়া এভাবে টাকা খরচ করা যায় না। রায় ঘোষণার পর রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। সেই আবেদনও খারিজ করে দেন আদালত।
আদালতের রায় ঘোষণার পর রাজনৈতিক নেতারা অভিযোগ করে বলেন, পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে মমতা সংখ্যালঘুদের ভোট পাওয়ার জন্য সংবিধান ও আইনকে তোয়াক্কা না করে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
এদিকে, রায় ঘোষণার পর সিপিএমের নেতা মুহম্মদ সেলিম বলেছেন, ধর্মনিরপেক্ষ ভারতে এভাবে আইনি বৈধতা ছাড়া ইমাম ভাতা দেওয়া যায় না। মুসলমানদের স্বার্থে নয়, পঞ্চায়েত নির্বাচনের ভোট পাওয়ার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কংগ্রেসের নেতা আবদুল মান্নান বলেন, সংখ্যালঘু মানুষের সঙ্গে প্রতারণা করেছেন মমতা। ইমাম ভাতা দেওয়ার ঘোষণার সঙ্গে আইনি বৈধতা নেই।