পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পাঠ্যসূচিতে সুকান্তের কবিতা থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সিদ্ধান্ত পাল্টাল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ড অব স্টাডিজ। পাঠ্যক্রমের উচ্চমাধ্যমিক স্তরে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে সিলেবাস সংস্কার কমিটি সুকান্তের কবিতাকে সিলেবাস থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এ খবরে রাজ্যজুড়ে প্রতিবাদ শুরু হলে বোর্ড সিদ্ধান্ত পরিবর্তন করে।পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যের একাদশ/দ্বাদশ শ্রেণীর (উচ্চমাধ্যমিক) পাঠ্যক্রমে আমূল পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এই লক্ষ্যে গড়া হয় পাঠ্যক্রম সংস্কার কমিটি। কমিটি পাঠ্যসূচিতে পরিবর্তন আনতে গিয়ে প্রথম পর্যায়েই উচ্চমাধ্যমিক স্তরে কবি সুকান্তের কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ হিসেবে বলা হয়, অল্প বয়সে কবির মৃত্যু হওয়ায় তাঁর কবিতা পরিণতি পায়নি। তাই তাঁর কবিতা মাধ্যমিক (এসএসসি) পর্যন্তই রাখার সিদ্ধান্ত হয়। এই খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এর পরই বোর্ড অব স্টাডিজের বৈঠকে উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচিতে সুকান্তের কবিতা অন্তর্ভুক্ত রাখার সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, কবি সুকান্ত ভট্টাচার্য হলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা।তবে সুকান্তের কবিতা বহাল রাখা হলেও একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইতিহাসের পাঠ্যসূচি থেকে এবার রুশ বিপ্ল্লব এবং মার্ক্স-লেনিনের অবদানের কথা তুলে দেওয়া হচ্ছে। সেখানে সংক্ষিপ্ত আকারে অন্তর্ভুক্ত করা হচ্ছে মার্ক্স-লেনিনের জীবনী। একই সঙ্গে অন্তর্ভুক্ত করা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস।