পশ্চিমবঙ্গে কংগ্রেস-তৃণমূল বিরোধ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গের শাসক জোটের দুই শরিক কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে। কংগ্রেস রাষ্ট্রপতি নির্বাচনে অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে প্রার্থী করলেও তা মেনে নেননি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং তিনি সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামকে উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরতে ফেসবুকে প্রচারণা শুরু করেছেন। কেন্দ্রীয় ইউপিএ সরকারের শরিক হয়েও মমতার প্রণবের প্রার্থিতার বিরোধিতা করার ঘটনা মেনে নিতে পারেনি কংগ্রেস। রাজ্য সরকারে থাকা কংগ্রেসের পাঁচজন মন্ত্রী ইতিমধ্যে মমতার সরকার থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে হাইকমান্ডের অনুমতি চেয়েছেন। এদিকে রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শনিবার উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে এক পঞ্চায়েত সম্মেলনে একহাত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের। বলেছেন, ‘তৃণমূলের রাজনীতি ঝড়ের রাজনীতি। রাজ্য চালানো তাদের কাজ নয়। নাচ, গান এবং সংবর্ধনাতেই আটকে গেছে তারা। এক বছরেই মানুষ বুঝে গেছে, সরকার চালাতে কতটা অক্ষম তৃণমূল। মানুষ ভেবেছিল বিধানচন্দ্র রায়ের পর মমতা এসে রাজ্যের হাল ধরবেন। কিন্তু পারলেন না।’ একই দিন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম হাওড়ায় বলেছেন, ‘কংগ্রেস সরকার থেকে বেরিয়ে যেতে চাইলে তাঁরা যেতে পারেন। তাঁদের ধরে রেখেছে কে? কংগ্রেসের যাঁরা মন্ত্রী হতে পারেননি, তাঁরাই এসব করছেন। ইচ্ছা করলে তাঁরা চলে যেতে পারেন।’প্রবীণ কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী বলেন, ‘বাঙালি হিসেবে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না করে বড় ভুল করেছিল সিপিএম।’