পশ্চিমবঙ্গে কংগ্রেসের ছয় মন্ত্রীর পদত্যাগ
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভা থেকে কংগ্রেসদলীয় দুই পূর্ণ মন্ত্রী ও চার প্রতিমন্ত্রী পদত্যাগ করেছেন। তাঁরা রাজ্য সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গতকাল শনিবার বিকেলে পদত্যাগপত্র জমা দেন। কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্তে অটল থাকায় ওই জোটের সবচেয়ে বড় শরিক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে গত শুক্রবার ইস্তফা দেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে কংগ্রেসদলীয় সদস্যরা তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্যসরকার থেকে সরে গেলেন। পদত্যাগকারী ছয়জন হলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া, মৎস্যমন্ত্রী আবু হেনা এবং প্রতিমন্ত্রী আবু নাসের খান চৌধুরী, সাবিনা ইয়াসমীন, সুনীল তিরকে ও প্রমথনাথ রায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত বছর সরকার গঠন করে কংগ্রেস-তৃণমূল জোট। কেন্দ্রীয় ইউপিএ সরকার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন প্রত্যাহার করায় কংগ্রেসদলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই ছয় মন্ত্রী গতকাল পদত্যাগ করেন। রেলমন্ত্রী হওয়ার জন্য দৌড়ঝাঁপ: এদিকে কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদ থেকে মুকুল রায় সরে দাঁড়ানোয় নতুন রেলমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে রাজনৈতিক দৌড়ঝাঁপ শুরু হয়েছে কংগ্রেস শিবিরে। রেলমন্ত্রী হিসেবে ইতিমধ্যে উঠে এসেছে বর্তমান গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ, কংগ্রেসে জম্মু-কাশ্মীর অঞ্চলের নেতা গুলাম নবী আজাদ, সাবেক রেলমন্ত্রী মাধব রাও সিন্ধিয়ার ছেলে বর্তমান প্রতিমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রমুখের নাম। পশ্চিমবঙ্গ কংগ্রেস ইতিমধ্যে দাবি করেছে একজন পূর্ণ মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রীর পদ। এদিকে দিল্লির সূত্র জানায়, নতুন রেলমন্ত্রী নিয়োগের আগে আপাতত ওই পদে অতিরিক্ত দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী সি পি যোশিকে।